বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আজ আমরা দেখছি-সমাজে বিশৃঙ্খলা, বিপর্যয়। তরুণ সমাজের একাংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে, সামাজিক অপকর্মে লিপ্ত হয়েছে। কেন? কারণ, রাষ্ট্র তাদের গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তারা শিক্ষা পায়নি, অধিকার পায়নি। বঞ্চিত হয়ে ক্ষুব্ধ হয়ে তারা সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে।”
তিনি বলেন, “এদের জন্য আমাদের বড় দরদ লাগে। এরা তো মানুষের সন্তান, এ দেশের নাগরিক। এমনটা হওয়ার কথা ছিল না। রাষ্ট্র কীভাবে এত দায়িত্বজ্ঞানহীন হয়? সরকার কীভাবে এতো দায়িত্বজ্ঞানহীন হয়? কেন একটি মানব সন্তান জন্মের পর শৈশবে উপযুক্ত চিকিৎসা ও শিক্ষা পাবে না।”
আজ রোববার রাজধানীর ধুপখোলা মাঠে এক নির্বাচনী জনসভায় শফিকুর রহমান এসব কথা বলেন। জনসভার আয়োজন করে জামায়াতের ঢাকা-৬ আসন নির্বাচনী কমিটি।
ডা. শফিকুর রহমান বলেছেন, “পুরান ঢাকাকে তার ন্যায্য সম্মান ফিরিয়ে দেব। ন্যায়ের ভিত্তিতে পুরান ঢাকার প্রতি যে সম্মান দেখানো দরকার, আমরা সেই সম্মান দেখাবো। কারণ, এটি তাদের অধিকার, এটি তাদের ন্যায্য হক।”
তিনি বলেন, “আমরা পুরান ঢাকাকে সোনায় পরিণত করতে চাই। পুরান ঢাকার ঘরে ঘরে ভাত খেয়ে অনেকেই সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বড় আমলা হয়েছেন, মুক্তিযোদ্ধা হয়েছেন, এমনকি কেউ কেউ সেনাপতিও হয়েছেন। কিন্তু, পুরান ঢাকার প্রতি যে কৃতজ্ঞতা আদায় করা উচিত ছিল, তা কেউ করেননি।”
ডা. শফিকুর রহমান বলেন, “ইনশাআল্লাহ, আমরা পুরান ঢাকার প্রতি সেই কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যে দাবিগুলো তুলেছেন, সেগুলো কোনো অযৌক্তিক বা বাড়াবাড়ি দাবি নয়। সবগুলোই একেবারেই ন্যায্য দাবি। পুরান ঢাকাকে তার ন্যায্য সম্মান ফিরিয়ে দেব।”