Advertisement

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিভিন্ন সংগঠনের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিভিন্ন সংগঠনের
ছবি: ইউএনবি

ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডরের জন্য নির্ধারিত বাস চলাচলের পৃথক লেন বাতিল করে সড়কটিকে ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পর্যালোচনা ও পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)সহ কয়েকটি সংগঠন।

Advertisement

আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আমরা ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানায়।

বিআইপি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ওয়ার্কস ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা নির্ধারিত বাস লেন বাতিল করে সড়কটিকে ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেয়।

তিনি এ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অবকাঠামো নির্মাণে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় করার পরও বিআরটি বাস কেনা হয়নি কিংবা সেবাটিও চালু করা হয়নি।

তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়নে আর্থিক বা পরিচালনাগত সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিআরটি ব্যবস্থা কিংবা বাস লেনকে দায়ী করা যাবে না।”

প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণের পাশাপাশি পরামর্শক, বাস্তবায়নকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যদের তালিকা, ভূমিকা ও দায়িত্ব প্রকাশের দাবি জানান তিনি। একই সঙ্গে একটি তদন্ত কমিশন গঠন এবং তদন্তের ফলাফল প্রকাশেরও আহ্বান জানান।

আরিফুল বলেন, বিআরটি লেনের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটের কারণে সম্ভাব্য সময় ও অর্থনৈতিক ক্ষতি বিবেচনায় নিয়ে আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, সব অংশীজনের বক্তব্য শোনা এবং তথ্য জনসমক্ষে প্রকাশের পরই সিদ্ধান্ত নেওয়া উচিত। মন্ত্রিসভা তাদের সিদ্ধান্তের যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং গাজীপুরে বিনিয়োগ ও নগর অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।

দেশের প্রথম বিআরটি করিডর বাস্তবায়নের জন্য বিমানবন্দর-গাজীপুর করিডরকে ‘আরবান আর্টারি’ বা নগরের প্রধান পরিবহন ধমনি হিসেবে ঘোষণা এবং বিআরটি লেন বহাল রাখার প্রস্তাব দেন তিনি।

প্রকল্পে কোনো কারিগরি ত্রুটি, অনিয়ম বা স্বার্থের সংঘাত থাকলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উপযুক্ত তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানান তিনি।

আরিফুল জোর দিয়ে বলেন, “পরিবহন উন্নয়ন হতে হবে পরিকল্পনাভিত্তিক, প্রকল্পভিত্তিক নয়।”

তিনি বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্পটি ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার দীর্ঘ একটি বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে সম্পন্ন হয়েছে।

প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পরও কেন এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো, তার ব্যাখ্যা দাবি করেন তিনি। একই সঙ্গে দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

শামসুল হক বলেন, নির্মাণকাজ এগোনোর সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমতে শুরু করেছিল। এতে গাজীপুরের বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল।

তিনি সতর্ক করে বলেন, প্রকল্প বাতিল হলে ২৫টি স্টেশনে সড়ক পারাপারের বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাবে। এতে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্ভোগ আরও বাড়বে।

আক্ষেপ করে তিনি বলেন, “যারা গণপরিবহন ব্যবহার করেন না, তারাই এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।”

আইএবির সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ বলেন, বিআরটি শুধু পরিবহন খাতেই নয়, আশপাশের এলাকার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, প্রকল্পে কোনো ত্রুটি থাকলে কারিগরি সংশোধনের মাধ্যমে তা দূর করা উচিত। পুরো প্রকল্প বাতিল করা হবে বড় ধরনের ভুল।

প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠানের সঞ্চালক ও বিআইপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশলেহউদ্দিন হাসান বলেন, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে তারা আলাদাভাবে আলোচনা করেছেন এবং তাদের সঙ্গে যৌথ বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিআইপি আট দফা দাবি তুলে ধরে। এর প্রথম দাবিটি ছিল বিআরটি প্রকল্প নিয়ে ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা।