Advertisement Banner

‘ইসরায়েলের চাপেই যুদ্ধ’, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘ইসরায়েলের চাপেই যুদ্ধ’, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
জো কেন্ট। ছবি: রয়টার্স

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কাউন্টার-টেরোরিজম কর্মকর্তা জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের তীব্র বিরোধিতা করে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তার বর্তমান অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি পদত্যাগ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক চিঠিতে ন্যাশনাল কাউন্টার-টেরোরিজম সেন্টারের ডিরেক্টর জো কেন্ট দাবি করেছেন, ইরান আমেরিকার জন্য কোনো ‘আসন্ন হুমকি’ ছিল না। তিনি অভিযোগ করেন, ইসরায়েল এবং সেদেশের শক্তিশালী লবির চাপের মুখে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ শুরু করেছে।

কেন্ট অভিযোগ করেন, ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রভাবশালী মার্কিন সাংবাদিকরা পরিকল্পিতভাবে ‘ভুল তথ্য’ ছড়িয়েছেন। এর উদ্দেশ্য ছিল ট্রাম্পের নিজস্ব ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে বাধাগ্রস্ত করা।

চিঠিতে তিনি সরাসরি বলেন, “আপনাকে বিশ্বাস করানোর জন্য একটি পরিকল্পিত প্রচারণা চালানো হয়েছিল যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। এটি সম্পূর্ণ মিথ্যা ছিল।”

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কেন্ট স্পষ্ট করে বলেন, ইসরায়েলি লবির চাপেই এই যুদ্ধের পথে পা বাড়িয়েছে প্রশাসন।

৪৫ বছর বয়সী জো কেন্ট মার্কিন স্পেশাল ফোর্স এবং সিআইএর একজন অভিজ্ঞ সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি এক মর্মান্তিক শোকের সাক্ষী। ২০১৯ সালে সিরিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় তার স্ত্রী নেভি ক্রিপ্টোলজিক টেকনিশিয়ান শ্যানন কেন্ট নিহত হন। নিজের দীর্ঘ সামরিক ও গোয়েন্দা অভিজ্ঞতা থেকেই তিনি এই যুদ্ধের অসারতা তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে।

বিবিসি এই পদত্যাগের বিষয়ে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের ভেতর থেকে এমন উচ্চপর্যায়ের কর্মকর্তার পদত্যাগ এবং সরাসরি ইসরায়েলি লবিকে দায়ী করা ট্রাম্পের বিদেশ নীতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

সম্পর্কিত