রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। কাছাকাছি সময়ের ব্যবধানে একই রুটের দুই কোম্পানির গাড়িতে আগুন লাগার ঘটনাটি কোন নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বাড্ডা এবং গুলশান থানা পুলিশ।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গুলশান থানার শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী আগুন দেওয়া হয়। এ সময় বাসটিতে চালক-চালকের সহকারীসহ চার-পাঁচজন যাত্রী ছিলেন। হঠাৎ বাসের পেছনের দিকে আগুন দেখে সকলেই দ্রুত বাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর ঠিক আধঘণ্টা পরেই রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় পার্কিং করে রাখা আকাশ পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়। আশপাশের লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান চরচাকে জানান, আকাশ পরিবহনের বাসে আগুনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া না গেলেও এটি কোনো নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের বাসে আগুনের ঘটনাতেও মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।
এদিকে, দুই বাসে আগুনের ঘটনার পর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন অফিসগামী এবং এই পথে নিয়মিত চলাচলকারী যাত্রীরা।