এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খবর ইউএনবির।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন “নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কি পারবেন না।”
এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের কোনো বাধ্যবাধকতা নেই বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী।
সম্প্রতি স্থানীয় সরকার আইনের সংশোধন নিয়ে ইসির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ইসির প্রস্তাবিত সংশোধনীতে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনের বাইরে রাখার প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাব নিয়ে বিরোধী দলগুলো সমালোচনা করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসির কাছে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে বাধা দেওয়ার প্রস্তাবটি প্রত্যাহারের দাবি জানিয়েছে।