বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনার দুই দিন পর নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম আজ বুধবার জানান, ওসি আবদুল হান্নানকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গতকাল মঙ্গলবার বিএনপির যুব সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত ১৪ অক্টোবর একদল দুর্বৃত্ত ছাত্রদলের গুরুদাসপুর পৌর শাখার সদস্যসচিব শাকিলকে ছুরিকাঘাত করে। এতে তিনি আহত হন। পরে ২৬ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে।
পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিলের জানাজা শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় সংসদ সদস্য আবদুল আজিজের উপস্থিতি নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় উপস্থিত লোকজন তাকে বক্তব্য দিতে বাধা দেয়।
জানাজার পর একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ব্যবসায়ী রাসেল হোসেনের মালিকানাধীন একটি সুপারশপে ভাঙচুর ও লুটপাট চালায়। রাসেল হোসেন সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুর বন্ধু। শাকিল হত্যায় মিন্টুর জড়িত থাকার অভিযোগ রয়েছে।