নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটি আসনের নিচে ল্যাপটপটি পড়ে থাকতে দেখেন। পরে গণমাধ্যমে জার্মান পর্যটকের মালামাল চুরির খবর প্রকাশিত হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর তারা ল্যাপটপটি নিজেদের কাছে রেখে দেন। রোববার তারা নাটোরে এলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ল্যাপটপটি উদ্ধার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, অন্তর ও তার বাবা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
শরীফুল হক বলেন, “এটা অত্যন্ত খুশির বিষয়, আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলও খুশি হয়েছেন। তার অন্যান্য মালামাল উদ্ধারের জন্যও আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজে যে যুবককে শনাক্ত করা হয়েছে, তার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৭ অক্টোবর বিকেলে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। পরে স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে এক যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে ব্যাগটি আর পাননি ক্রিল। ওই যুবকও সেখান থেকে চলে যান। ব্যাগে ল্যাপটপ ছাড়াও একটি ক্যামেরা ও অন্যান্য মালামাল ছিল। পরে তিনি নাটোর সদর থানা পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, ল্যাপটপ উদ্ধার হলেও পর্যটকের বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের বিষয়টি এখনো তদন্তাধীন।