রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. মিনারুল (৩৬) আরেক ব্যক্তি।
গতকাল রোববার বিকেলে মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিনারুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে জিয়া ও তার চাচাতো ভাই মিনারুলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে জিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে নওদাপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর জিয়ার অন্য ভাইয়েরা মিনারুলকে মারধর করে আহত করেন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জিয়ার মৃত্যু কীভাবে হয়েছে, তা লাশের ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না। এ জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ সোমবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি সম্পর্কে পুলিশ প্রাথমিক তদন্ত করছে।
মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।