Advertisement

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
ফাইল ছবি

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

Advertisement

গতকাল রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গতকাল শনিবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুজন বাংলাদেশি মারা যান।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের সন্তান। সৌদি আরবে তার কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল।

Advertisement

আর নাসরুল্লাহ বদরপুরি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের ছেলে।

এর আগে শনিবার হুতিদের চালানো ওই হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। সেই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চালানো হামলা অগ্রহণযোগ্য এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।সৌদি আরবের সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতিও দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, হামলায় আহত চার বাংলাদেশিকে কিং খালিদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশের মিশনগুলো সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। পাশাপাশি সৌদি আরবে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গেও মিশনগুলো যোগাযোগ রাখছে, তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।