Advertisement

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
ছবি: ইউএনবি

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন করে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার।

Advertisement

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আজ বুধবার এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তিন ব্যক্তি ও চারটি সংগঠনকে আর্থিক বা অন্য কোনো ধরনের সহায়তা দেওয়া থেকে অস্ট্রেলীয় নাগরিকদের বিরত রাখতে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অস্ট্রেলিয়া ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে কোনো অস্ট্রেলীয় নাগরিক দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

Advertisement

ওং বলেন, “আমরা এসব পদক্ষেপ নিচ্ছি, কারণ বসতি দ্রুত সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা দেওয়া।

ওং জানান, এবারই প্রথম কোনো নির্মাণপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। ওই প্রতিষ্ঠানটি বসতি নির্মাণের কাজে জড়িত।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অস্ট্রেলিয়ার অঙ্গীকার অবিচল রয়েছে।