Advertisement

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বুধবার জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি আনসার বাহিনীর আট প্লাটুন সদস্যও মোতায়েন করা হয়েছে।

Advertisement

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের মোতায়েন করা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর আজও সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে দোকানপাট খোলা রয়েছে এবং সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে নির্ধারিত সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

গোপালগঞ্জ শহরের কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকা তাদের চূড়ান্ত পরীক্ষা বাতিল করেছে এবং প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও পুরো জেলায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালানো হয়। এ ছাড়া, পুলিশের কয়েকটি গাড়ি, মোটরসাইকেল, স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং আশপাশের অন্তত ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়।

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে।