Advertisement

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটল সরকারপন্থী বাহিনী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটল সরকারপন্থী বাহিনী
ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি সমর্থিত বাহিনী সরে যাওয়ার পর ধুবাব থেকে বাব আল-মান্দেব পর্যন্ত এলাকার নিয়ন্ত্রণ নেয় হুতি বাহিনী। ১৫ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে বড় ধরনের ধাক্কা লেগেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি সমর্থিত মিত্র বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে সরে গিয়ে দক্ষিণ উপকূলে সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষায় অবস্থান নিয়েছে।

Advertisement

এ ঘোষণার মধ্য দিয়ে লোহিত সাগরের প্রবেশমুখ থেকে হুতিদের হটিয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি নিরাপদ করার লক্ষ্যে সরকারের ছয় সপ্তাহের পাল্টা অভিযানের কার্যত সমাপ্তির ইঙ্গিত পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল রোববার ইয়েমেন সরকারের বাহিনী পিছু হটার ঘোষণা দেওয়ায় দক্ষিণ উপকূলে এডেনের দিকে হুতিদের নতুন করে অগ্রসর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক দশকেরও বেশি সময় আগে রাজধানী সানা থেকে হুতিরা সরকারকে উৎখাত করার পর থেকে এডেনই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান ঘাঁটি।

Advertisement

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সরকারের পক্ষে লড়াইরত প্রধান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী তাইজ প্রদেশের পশ্চিমে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে তাদের সেনাদের পুনর্বিন্যাসের অভিযান শুরুর ঘোষণা দিচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া, সম্মুখসারির অবস্থানগুলো শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সেপ্টেম্বরে লোহিত সাগরের উপকূল এবং সেখানকার প্রবেশপথ নিয়ন্ত্রণকারী বাব আল-মান্দেব প্রণালি দখলে নিতে হুতিদের দ্রুত অগ্রযাত্রা ঠেকানোর প্রচেষ্টায় এ পশ্চাদপসরণ বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে সৌদি সমর্থিত সরকারি বাহিনী প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছিল। তবে তারা ওই এলাকা থেকে হুতিদের পুরোপুরি হটাতে কিংবা উপকূলের আরও উত্তরে অবস্থিত আল-মোখা শহর পুনর্দখল করতে পারেনি।

এর জবাবে হুতিরা সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে হামলা চালিয়ে তারা বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাশাপাশি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে বৈশ্বিক তেলের বাজারেও উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার এই সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি আর্থিক কেন্দ্রে এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশনে হামলা চালিয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার সত্যতা নিশ্চিত করা হয়নি।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ।

ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি এলাকায় অবস্থানরত সরকারি বাহিনী এডেনের ১৫০ কিলোমিটার (৯৫ মাইল) পশ্চিমে আল-সুকিয়াহ এলাকায় নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করেছে। তবে আশপাশের উপকূলীয় এলাকা থেকে হুতিদের হটানোর চেষ্টা তারা অব্যাহত রেখেছে।

এডেনের উত্তরের পার্বত্য এলাকায় তাইজ শহর অবরোধ করে রেখেছে হুতিরা। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম এ শহরের উপকণ্ঠে তুর আল-বাহাহ জেলায় এখন তাদের যোদ্ধারা অবস্থান করছে। সামরিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, শহরটি থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল)।

তাইজে মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনজুড়ে বাস্তুচ্যুত ৩ লাখ মানুষের মধ্যে প্রায় অর্ধেকই এ শহরে আশ্রয় নিয়েছে। সেখানে ত্রাণসামগ্রী প্রবেশ করতে পারছে না, আবার বেসামরিক নাগরিকদেরও শহর ছেড়ে যাওয়ার সুযোগ নেই।