Advertisement

সৌদি জোট বনাম হুতি প্রতিরোধ

জিয়াউদ্দীন আহমেদ

সৌদি জোট বনাম হুতি প্রতিরোধ
ছবি: এআই দিয়ে তৈরি

সৌদি আরব ও হুতিদের মধ্যে যুদ্ধ কাগজে-কলমে থেমে থাকলেও বাস্তবে তা চলমান। সৌদি আরবের সঙ্গে হুতিদের প্রথম যুদ্ধ হয় ২০০৪ সালে, এরপর ২০০৯ সালেও সরাসরি যুদ্ধ হয়েছে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের বোমাবর্ষণে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সৌদির ক্ষতিও কম নয়–হুতিদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে শত শত সৌদি সেনা হতাহত হয়েছে, আরামকোর তেল স্থাপনায় হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। সৌদি কোটি কোটি ডলারের আমেরিকান অস্ত্র কিনেও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

Advertisement

এই বিরোধের মূলে দুটি কারণ–মতাদর্শগত ও ভূ-রাজনৈতিক। হুতিরা জায়েদি শিয়া, সৌদি ওয়াহাবি মতাদর্শ এই জায়েদি অস্তিত্বকে সহ্য করতে পারে না। দ্বিতীয়ত, সৌদি চায় ইয়েমেন একটি দুর্বল, অনুগত রাষ্ট্র থাকুক। হুতিরা স্বাধীনচেতা, সৌদি আধিপত্য মানতে নারাজ।

২০০৪ সালে হুসাইন আল-হুতিকে ইয়েমেনের সরকার হত্যা করলে তার ভাই আব্দুল মালিক আল-হুতির নেতৃত্বে আন্দোলন সশস্ত্র রূপ নেয়। আজ ইয়েমেনের প্রায় ৭০ শতাংশ জনবহুল এলাকা, রাজধানী সানা, হোদেইদা বন্দরসহ পশ্চিমাঞ্চল হুতিদের দখলে। দেশের প্রায় ৩ কোটি মানুষের মধ্যে ২ কোটির বেশি তাদের প্রশাসনের অধীনে। ইয়েমেনের তথাকথিত বৈধ সরকার ইয়েমেনে নেই, সৌদি আরবে প্রবাসী। তাদের নিজস্ব সেনা নেই, তারা সৌদির ভাড়াটে।

Advertisement

হুতিরা এই শক্তি পেল কোথায়? প্রথমত, ইয়েমেনি সেনাবাহিনীর বড় অংশ ও গোত্রগুলো তাদের সঙ্গে যোগ দিয়েছে। দ্বিতীয়ত, ইরানের প্রযুক্তিগত সহায়তায় তারা নিজেরাই ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করতে শিখেছে। তৃতীয়ত, সৌদি বোমায় যখন সাধারণ ইয়েমেনি মরে, তখন জনসমর্থন স্বাভাবিকভাবেই হুতিদের দিকে যায়।

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সামরিক জোট করে সৌদি আরব এখন হুতিদের উপর যৌথ হামলার পরিকল্পনা করছে। একটি সশস্ত্র মুসলিম গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে তিনটি শক্তিশালী মুসলিম দেশের এই জোট মুসলিম উম্মাহ কোনোভাবেই মেনে নিচ্ছে না। কারণ, গাজায় যখন ইসরায়েল গণহত্যা চালিয়েছে, তখন এই সৌদি, তুরস্ক, পাকিস্তান একটি গুলিও ইসরায়েলের দিকে ছোঁড়েনি। একমাত্র হুতিরাই লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে এবং তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে।

এই কারণেই ফিলিস্তিন ও ইরানের পক্ষে লড়া হুতিদের প্রতি আজ সাধারণ মুসলমানের গভীর সহানুভূতি ও ভালোবাসা। এখন আবার সৌদি-সিরিয়া সামরিক সহযোগিতা চুক্তি সই হয়েছে এবং ইয়েমেনে সিরীয় সৈন্য পাঠানোর খবর শোনা যাচ্ছে; যদিও সিরিয়া তা অস্বীকার করেছে।

সৌদি আরব মুসলমানদের কাছে পবিত্র ভূমি মক্কা-মদিনার দেশ। কিন্তু সেই পবিত্রতা আজ সৌদি শাসকরা নিজেরাই নষ্ট করছে। হুতিদের ওপর তাদের প্রতিটি বোমা সাধারণ মুসলমানকে কষ্ট দেয়। মানুষ এখন প্রতি মুহূর্তে সৌদির পরাজয় ও হুতিদের বিজয় কামনা করছে। সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে অদ্যাবধি একটি গোলাও ছোঁড়েনি, কোটি কোটি ডলারে কেনা অস্ত্র খরচ করছে হুতি-দমনে।

মক্কা জোটের সদস্য তুরস্ক এবং পাকিস্তানও ইসরায়েলের দিকে কোনো গোলা ছোঁড়েনি, বরং ১৯৭০ সালের ব্ল্যাক সেপ্টেম্বরে পাকিস্তানি ব্রিগেডিয়ার জিয়াউল হক জর্ডানের বাদশাহের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযানে জড়িয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার কলঙ্ক বহন করেছেন। এখন ইয়েমেনের একটি সশস্ত্র মুসলিম আন্দোলনকে ধ্বংস করতে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে জোটবদ্ধ হয়েছে পাকিস্তান।

মিসরের পার্লামেন্টও সৌদিকে সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে। ফলে যুদ্ধ আরও আঞ্চলিক রূপ নিচ্ছে। তবে মক্কা জোটের শুরুতেই ভাঙনের সুর বেজে উঠেছে–তুরস্কের পার্লামেন্টে ৫ নভেম্বর মক্কা চুক্তি পাস হওয়ার পর তুরস্ক সিদ্ধান্ত নিয়েছে, তারা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সৌদি আরব কাজ করছে ইসরায়েল ও আমেরিকার প্রক্সি হিসেবে। হরমুজ প্রণালির মতো ইয়েমেনের কাছে বাব আল-মান্দেব প্রণালিও যাতে ইসরায়েলি-মার্কিন জাহাজের জন্য উন্মুক্ত থাকে, সেজন্যই হুতিদের নিশ্চিহ্ন করা জরুরি। আমেরিকা নিজের যুদ্ধটা সৌদির কাঁধে তুলে দিয়েছে, যেখানে দুই পক্ষই মুসলমান। আমেরিকা-ইসরায়েল দূর থেকে তামাশা দেখছে।

আমাদের প্রিয় নবী (সা.) ইয়েমেনের জন্য বিশেষ দোয়া করেছেন। তিনি বলেছেন, ‘হে আল্লাহ, আমাদের শামে বরকত দিন, আমাদের ইয়েমেনে বরকত দিন’ এবং আরও বলেছেন, ‘ইয়েমেন থেকে ঈমান আসবে, সেখানকার মানুষের হৃদয় সবচেয়ে নরম ও কোমল’। যে ইয়েমেনের মাটির জন্য স্বয়ং রাসুল (সা.) দোয়া করে গেছেন, আজ সেই ইয়েমেনের আকাশেই পবিত্র ভূমি থেকে উড়ে আসা যুদ্ধবিমান বোমা ফেলছে।

যে ইয়েমেনিকে তিনি নরম হৃদয়ের বলেছেন, তাদেরই রক্তে বাব আল-মান্দেব লাল হচ্ছে। এর চেয়ে বড় আফসোস ও পরিহাস মুসলিম উম্মাহর জন্য আর কী হতে পারে?

বাব আল-মান্দেবের এই রক্তের খেলার সমাধান বোমায় নয়, প্রজ্ঞায়।

২০২৩ সালের এপ্রিলে প্রায় ৯০০ বন্দি বিনিময় প্রমাণ করেছে, যুদ্ধ দিয়ে হুতিদের নিশ্চিহ্ন করা যাবে না। ইসরায়েলকে মেনে নিয়ে জাতিসংঘের বরাদ্দ করা ভূমিতে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র পথ।

ইসরায়েলের বিরুদ্ধে নির্বোধের মতো শুধু হুঙ্কার দিয়ে ধ্বংস হয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন ও ইরান। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর দুই পক্ষ প্রতিবেশীসুলভ আচরণ করলে বাব আল-মান্দেব অবরোধেরও প্রয়োজন ফুরাবে, সৌদিকেও আর আমেরিকার যুদ্ধ কাঁধে নিতে হবে না। অন্যথায় জ্ঞানের ঘাটতি আর আত্মঘাতী সংঘাতে মুসলমানরা কেয়ামত পর্যন্ত মার খেতেই থাকবে।

লেখক: সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।