রাজধানীর খিলক্ষেত এলাকায় তেলের লরির চাপায় মো. তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার খিলক্ষেত পুলিশ বক্সের পাশের এশিয়া পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাউসিফ ময়মনসিংহ সদরের কাচিঝুলি এলাকার কামরুল ইসলামের ছেলে।
তাউসিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সেলিম জানান, সকালে খিলক্ষেত পুলিশ বক্সের সামনে এলে পেছন থেকে একটি তেলের লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তাউসিফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।