মৌলভীবাজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বার্তাসংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।
আজ রোববার ভোরে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
আসিফ মাহমুদ দাবি করেন, নিহত তারা মিয়া দীর্ঘদিন অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় আগের মামলা রয়েছে।