রাজধানীর রমনা থানার মিন্টু রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় সানোয়ার হোসেন (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মিন্টু রোড এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স দেখে জানা যায়, তার নাম সানোয়ার হোসেন। গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মালঞ্চ গ্রামে। তবে তিনি ঢাকার কোথায় থাকতেন তা জানা যায়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তৌহিদ জানান, তিনি নিজেও একজন অটোরিকশাচালক। ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় মিন্টু রোডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ভিড় দেখে এগিয়ে দেখেন, তার মতোই আরেকজন অটোরিকশাচালক আহত অবস্থায় পড়ে আছেন।
তৌহিদ বলেন, “আমি লোকমুখে জানতে পারি, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি আইল্যান্ডের (সড়ক বিভাজক) সঙ্গে ধাক্কা লেগে চালক মাথায় আঘাত পায়।”
“আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তাকে ধরছিল না। একটি অ্যাম্বুলেন্স দাঁড়ালেও অভিভাবক নেই বলে তাকে নিতে চায়নি। পরে আমি নিজের সিএনজিতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”
তৌহিদ আরও বলেন, “নিহত চালক মাথা এবং ডান পাশের ঘাড়ে প্রচণ্ড আঘাত পান। তার গলার ডানপাশ দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল। জরুরি বিভাগের চিকিৎসক আমাকে জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সানোয়ার হোসেনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।