Advertisement

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে যে প্রযুক্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে যে প্রযুক্তি
দীর্ঘ বিবর্তন ও গবেষণার পর অবশেষে ক্যানসার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা হয়েছে। ছবি: এআই দিয়ে তৈরি

ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ হলো, এমন ওষুধ তৈরি করা, যা শুধু ক্যানসার কোষকে আক্রমণ করবে, কিন্তু শরীরের সুস্থ কোষের ক্ষতি করবে না। বিশেষ করে রোগপ্রতিরোধব্যবস্থাকে সক্রিয় করে ক্যানসার ধ্বংস করার ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট। কারণ, শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করতে ব্যবহৃত কিছু প্রাকৃতিক প্রোটিন ক্যানসারের বিরুদ্ধে কার্যকর হলেও সেগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়লে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার বায়োটেক প্রতিষ্ঠান অ্যাবিয়ন এই সমস্যার সমাধানে নতুন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য, শরীরের সর্বত্র রোগপ্রতিরোধব্যবস্থাকে সক্রিয় না করে কেবল টিউমারের ভেতরেই ক্যানসারবিরোধী প্রতিরোধব্যবস্থা জাগিয়ে তোলা। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত এক প্রতিবেদনে এই গবেষণার সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরা হয়েছে।

Advertisement

গবেষণাটির কেন্দ্রে রয়েছে ইন্টারফেরন নামের এক ধরনের প্রাকৃতিক প্রোটিন। মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করতে ইন্টারফেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কয়েক ধরনের ক্যানসারের চিকিৎসায় এই প্রোটিন ব্যবহারের অনুমোদনও রয়েছে। কিন্তু এর কার্যকারিতার পাশাপাশি বড় সমস্যা হলো বিষক্রিয়া বা টক্সিসিটি। শরীরে প্রয়োগের পর ইন্টারফেরন দ্রুত কার্যকারিতা হারায়। ফলে টিউমারের কাছে কার্যকর মাত্রায় পৌঁছানোর আগেই শরীরের সুস্থ কোষ ও টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ ক্যানসার ধ্বংস করার জন্য যে প্রোটিন ব্যবহার করা হচ্ছে, সেটি একই সঙ্গে শরীরের অন্যান্য অংশেও ক্ষতিকর প্রভাব ফেলছে।

অ্যাবিয়নের গবেষকেরা এই সীমাবদ্ধতা কাটাতে টিউমারের পরিবেশের একটি বিশেষ বৈশিষ্ট্যকে কাজে লাগাচ্ছেন। সাধারণত সুস্থ মানবদেহের কোষের আশপাশের পিএইচের মাত্রা প্রায় ৭ দশমিক ৪। কিন্তু ক্যানসার টিউমারের আশপাশের পরিবেশ তুলনামূলক বেশি অম্লীয়। টিউমার কোষের বিপাকীয় কার্যক্রমের ফলে ল্যাকটিক অ্যাসিড ও অন্যান্য বর্জ্য পদার্থ জমে এই পরিবেশের পিএইচের মাত্রা প্রায় ৬ দশমিক ৫-এ নেমে আসে। গবেষকেরা এই পার্থক্যকে কাজে লাগিয়ে এমন এক ধরনের ইন্টারফেরন তৈরি করেছেন, যার কার্যকারিতা নির্ভর করে পরিবেশের অম্লতার ওপর।

অ্যাবিয়নের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা চান গিউ লির নেতৃত্বে গবেষকরা ইন্টারফেরনের এমন একটি পরিবর্তিত সংস্করণ তৈরি করেছেন, যা সুস্থ কোষের সঙ্গে দুর্বলভাবে যুক্ত হয়, কিন্তু টিউমারের অম্লীয় পরিবেশে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এরপর এটিকে ক্যানসার কোষ শনাক্ত করতে সক্ষম অ্যান্টিবডির সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ইন্টারফেরন- অ্যান্টিবডি কনজুগেট বা আইআরএসি। লির ভাষায়, এটি সাধারণ চালু-বন্ধ সুইচের মতো নয়; বরং আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণের ডিমার সুইচের মতো। সুস্থ কোষের সঙ্গে এর সংযুক্ত হওয়ার ক্ষমতা স্বাভাবিকের তুলনায় ১৪ গুন কম। কিন্তু টিউমারের অম্লীয় পরিবেশে পৌঁছালে এর কার্যকারিতা আবার বেড়ে যায়। অর্থাৎ ওষুধটি শরীরের সুস্থ অংশে নিষ্ক্রিয় থাকার চেষ্টা করবে এবং ক্যানসার টিউমারের ভেতরে গিয়ে সক্রিয় হবে।

এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি শুধু ক্যানসার কোষ ধ্বংস করার চেষ্টা করবে না, একই সঙ্গে শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে ভবিষ্যতে ক্যানসার শনাক্ত ও প্রতিরোধের জন্য প্রস্তুত করবে। অ্যাবিয়ন আপাতত টিআরওপি২ নামের একটি প্রোটিনকে লক্ষ্য করে এই প্রযুক্তির সম্ভাবনা পরীক্ষা করছে। ফুসফুস, স্তন ও প্রোস্টেট ক্যানসারের কিছু কোষের পৃষ্ঠে এই প্রোটিন পাওয়া যায়। বর্তমানে টিআরওপি২ লক্ষ্য করে তৈরি অ্যান্টিবডি- ড্রাগ কনজুগেট বা এডিসি চিকিৎসায় অ্যান্টিবডির সঙ্গে বিষাক্ত কেমোথেরাপির ওষুধ যুক্ত করে ক্যানসার কোষ ধ্বংস করা হয়। কিন্তু এই চিকিৎসার একটি সীমাবদ্ধতা হলো, অনেক ক্ষেত্রে ক্যানসার কোষ সময়ের সঙ্গে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি করে। ফলে প্রাথমিক সাফল্যের পর চিকিৎসার কার্যকারিতা কমে যেতে পারে।

অ্যাবিয়নের প্রস্তাবিত পদ্ধতি এই জায়গায় ভিন্ন। প্রথমে পরিবর্তিত ইন্টারফেরন ক্যানসার কোষের সঙ্গে যুক্ত হয়ে কোষের ভেতরে এমন জিনগত সংকেত সক্রিয় করবে, যা কোষটিকে নিজেকে ধ্বংস করার নির্দেশ দেয়। এরপর ধ্বংস হওয়া ক্যানসার কোষ থেকে বেরিয়ে আসা প্রোটিন ও অন্যান্য উপাদান আশপাশের রোগপ্রতিরোধী কোষ সংগ্রহ করবে। এর মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যানসারের বৈশিষ্ট্য চিনতে শিখবে এবং শরীরের অন্যান্য স্থানে থাকা একই ধরনের ক্যানসার কোষের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারবে। গবেষকদের প্রত্যাশা, এই প্রক্রিয়া দীর্ঘস্থায়ী ইমিউন মেমোরি বা রোগ প্রতিরোধের স্মৃতি তৈরি করবে। ফলে ক্যানসার কোষের জিনগত পরিবর্তন বা বিবর্তন ঘটলেও শরীরের প্রতিরোধ ব্যবস্থা সেগুলো শনাক্ত করার সক্ষমতা ধরে রাখতে পারে।

এখানে ‘কোল্ড’ ও ‘হট’ টিউমারের ধারণাটিও গুরুত্বপূর্ণ। কিছু টিউমার এমনভাবে নিজেদের আড়াল করে রাখে যে শরীরের রোগ প্রতিরোধী কোষ সেগুলোকে কার্যকরভাবে শনাক্ত বা আক্রমণ করতে পারে না। এ ধরনের টিউমারকে কোল্ড টিউমার বলা হয়। অন্যদিকে, হট টিউমারে রোগ প্রতিরোধী কোষ সক্রিয়ভাবে প্রবেশ করতে ও ক্যানসার কোষ আক্রমণ করতে পারে।

অ্যাবিয়নের লক্ষ্য হলো, ইন্টারফেরনের মাধ্যমে কোল্ড টিউমারকে হট টিউমারে রূপান্তর করা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডংইয়ং পার্কের মতে, প্রচলিত কেমোথেরাপির মতো শুধু বিষাক্ত উপাদান প্রয়োগ না করে এই প্রযুক্তি ক্যানসারের বিরুদ্ধে শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকেও কাজে লাগাতে পারে। প্রচলিত কিছু এডিসি চিকিৎসায় অ্যান্টিবডিকে ক্যানসার কোষের ভেতরে প্রবেশ করতে হয়। কিন্তু নতুন পদ্ধতিতে সেই প্রবেশের প্রয়োজন নেই। ফলে যেসব টিউমারে প্রচলিত এডিসি কার্যকর হতে পারেনি, সেগুলোতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এখন পর্যন্ত প্রাণীর ওপর পরিচালিত পরীক্ষায় গবেষকেরা আশাব্যঞ্জক ফল পেয়েছেন। ইঁদুরের ওপর পরীক্ষায় চিকিৎসার পর নতুন টিউমার গঠনের বিরুদ্ধে প্রতিরোধ দেখা গেছে এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধী স্মৃতিরও প্রমাণ মিলেছে। মানুষের কাছাকাছি বৈশিষ্ট্যের কিছু প্রাণীর ওপর প্রাথমিক পরীক্ষার ফলও উৎসাহব্যঞ্জক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রোগীদের কাছ থেকে সংগ্রহ করা টিউমার টিস্যু দিয়ে পরীক্ষাগারে তৈরি ত্রিমাত্রিক কোষগুচ্ছ বা অর্গানয়েডের ওপরও গবেষণা চলছে। তবে এসব পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি।

অ্যাবিয়নের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, প্রাণীর শরীরে পাওয়া সাফল্য মানুষের ক্ষেত্রেও কার্যকর ও নিরাপদ প্রমাণ করা। প্রতিষ্ঠানটি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে অগ্ন্যাশয় ও পিত্তনালির ক্যানসারের মতো কঠিন টিউমারকে লক্ষ্য করার কথা ভাবছে তারা, যেসব ক্যানসারের চিকিৎসায় কার্যকর বিকল্প এখনো সীমিত। তবে প্রতিষ্ঠানটি এই প্রযুক্তিকে একক চিকিৎসা হিসেবে নয়, বরং অন্যান্য ক্যানসার চিকিৎসার সঙ্গে সমন্বিতভাবে ব্যবহারের উপযোগী একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করছে।

অ্যাবিয়নের গবেষণা ক্যানসার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এর অভিনবত্ব শুধু নতুন ওষুধ তৈরিতে নয়, বরং কোথায় এবং কখন ওষুধটি সক্রিয় হবে, তা নিয়ন্ত্রণ করার মধ্যে। ক্যানসার কোষ ধ্বংসের পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে প্রশিক্ষিত করার ধারণাটি সফল হলে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তবে এখনই একে ক্যানসারের কার্যকর চিকিৎসা বা নিরাময়ের নতুন পদ্ধতি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। প্রাণীর ওপর পরীক্ষার সাফল্য মানুষের ক্ষেত্রে একই ফল নিশ্চিত করে না। ক্লিনিক্যাল ট্রায়ালে এর নিরাপত্তা, কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদি ফলাফল প্রমাণিত হওয়ার পরই বোঝা যাবে, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় কতটা পরিবর্তন আনতে সক্ষম।