Advertisement

দেশীয় সংবাদমাধ্যমে বেড়েছে অপতথ্য, বেশি কোন ক্ষেত্রে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দেশীয় সংবাদমাধ্যমে বেড়েছে অপতথ্য, বেশি কোন ক্ষেত্রে?
দেশীয় সংবাদমাধ্যমে বেড়েছে অপতথ্য। ছবি: ডিসমিসল্যাবের সৌজন্যে।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে বাংলাদেশে সংবাদমাধ্যমে অপতথ্য ছড়ানোর ঘটনা আগের তিন মাসের তুলনায় তিন গুণেরও বেশি বেড়েছে। এরমধ্যে রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ ও খেলাধুলা নিয়ে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে।

Advertisement

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

Advertisement

ডিসমিসল্যাব জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংবাদমাধ্যমে ৭৬টি অপতথ্য ছড়ানোর ঘটনা শনাক্ত হয়েছে। আগের তিন মাসে (এপ্রিল থেকে জুন) এ সংখ্যা ছিল ২১। তবে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হিসেবে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমই এগিয়ে রয়েছে।

সব মিলিয়ে, এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের তথ্য যাচাইকারী সংস্থাগুলো অপতথ্যের ১ হাজার ১৯৬টি আলাদা দাবি শনাক্ত করেছে। আগের তিন মাসে এ সংখ্যা ছিল ১ হাজার ২৬৬। তার মানে অপতথ্যের সংখ্যা কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।

সংবাদমাধ্যমে অপতথ্য ছড়ানোর হার বাড়ছে

ডিসমিসল্যাব জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর–এই তিন মাসে সংবাদমাধ্যমের ছড়ানো অপতথ্যের হার বেড়েছে। আগের তিন মাসে এই হার ছিল ১ দশমিক ৭ শতাংশ, যা এবার বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হয়েছে।

তবে অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম এখনো সামাজিক যোগাযোগমাধ্যম। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যাচাই করা মোট অপতথ্যের ৯০ দশমিক ৭ শতাংশই ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ডিসমিসল্যাব জানিয়েছে, যেসব সংবাদমাধ্যমের প্রতিবেদন, ভিডিও, ছবি বা ফটোকার্ড অন্তত পাঁচবার তথ্য যাচাইয়ের আওতায় এসেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩ বার অপতথ্য ছড়ানোর জন্য চিহ্নিত হয়েছে দৈনিক ইত্তেফাক। এরপর রয়েছে দৈনিক যুগান্তর (১২ বার) এবং বাংলা টিভি (১০ বার)।

ডিসমিসল্যাব জানিয়েছে, ঘটনাগুলো বিশ্লেষণে দেখা গেছে, সংবাদমাধ্যমে পুরনো বা ভুল ছবি-ভিডিও ব্যবহার, ভুল ব্যক্তিকে শনাক্ত করা, ঘটনার ভুল ব্যাখ্যা দেওয়া এবং তথ্য যাচাই না করেই সংবাদ প্রকাশ করার প্রবণতা বাববার দেখা গেছে। অনেক ক্ষেত্রে পুরনো, অপ্রাসঙ্গিক কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিওকে সাম্প্রতিক ঘটনার প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, সামরিক হামলা, দুর্ঘটনা এবং উদ্ধার অভিযানসহ বিভিন্ন ঘটনার খবরেও এমন ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে।

ছবি: ডিসমিসল্যাবের সৌজন্যে।
ছবি: ডিসমিসল্যাবের সৌজন্যে।

গত আগস্টে দৈনিক ইনকিলাবের একটি প্রতিবেদনের তথ্য যাচাই করে ডিসমিসল্যাব। নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহার করা হয়েছিল জিম্বাবুয়ের অন্য একটি ঘটনার ছবি।

অপতথ্য ছড়ানোর আরেকটি ধরন হলো ভুল ব্যক্তিকে শনাক্ত করা এবং অন্যের নামে মিথ্যা তথ্য প্রচার করা। আরেকটি প্রবণতা হলো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে খবর উপস্থাপন করা। বিশেষ করে ভারতের কিছু সংবাদমাধ্যম বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই ধর্মীয় নিপীড়নের ঘটনা হিসেবে তুলে ধরছে।

যাচাই করা ৭৬টি ঘটনার মধ্যে ৩২টি ছিল আন্তর্জাতিক ঘটনা, ২৯টি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, ১১টি খেলাধুলা নিয়ে এবং বাকি চারটি ছিল বিভিন্ন বিচ্ছিন্ন ভিডিও।

বন্যার মধ্যে দুর্যোগ নিয়ে অপতথ্য বেড়েছে

ডিসমিসল্যাব জানিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত দুর্যোগ নিয়ে আটটি আলাদা অপতথ্য শনাক্ত হয়েছিল। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে তা বেড়ে দাঁড়ায় ৬০টিতে।

আগের তিন মাসে দুর্যোগ নিয়ে অপতথ্য ছড়ানোর হার ছিল শূন্য দশমিক ৬ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৫ শতাংশ। এরমধ্যে জুলাই মাসে এ ধরনের অপতথ্য সবচেয়ে বেশি ছড়িয়েছে।

ডিসমিসল্যাবের তথ্য বলছে, ৫ জুলাই চট্টগ্রামে ভারী বৃষ্টি শুরু হয়। এর ফলে ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১২ জুলাইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, সাত জেলার ৫৯টি উপজেলায় বন্যার পানি ঢুকে পড়ে।

১০ জুলাই থেকে বন্যা নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াতে শুরু করে। এসব ক্ষেত্রে মূলত ছবি ও ভিডিও ব্যবহার করা হয়। এর মধ্যে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছিল। পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের পুরনো ভিডিও ব্যবহার করা হয়। এসব পুরনো ছবি ও ভিডিওকে চলমান বন্যার দৃশ্য বলে প্রচার করা হয়। অনেক ছবিতে নারী ও শিশুদের দুর্ভোগের দৃশ্য দেখানো হয়েছিল।

ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, দুর্যোগ নিয়ে অপতথ্য ছড়ানোর আরেকটি বড় কারণ ছিল ২৬ আগস্ট নেপালে হঠাৎ বন্যা ও ভূমিধস। এ ঘটনা নিয়ে বাংলাদেশে ২৭ আগস্ট থেকে অপতথ্য ছড়াতে শুরু করে। এক্ষেত্রেও এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর পাশাপাশি ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও তুরস্কের বিভিন্ন পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ব্যবহার করা হয়। এসব ভিডিওকে নেপালের ওই দুর্যোগের দৃশ্য বলে প্রচার করা হয়েছিল।

বিশ্বকাপের সময় খেলাধুলা নিয়ে অপতথ্য প্রায় দ্বিগুণ

ডিসমিসল্যাব জানিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত খেলাধুলা নিয়ে ৩৮টি আলাদা অপতথ্য শনাক্ত হয়েছিল। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ৭১টিতে। মোট শনাক্ত অপতথ্যের মধ্যে খেলাধুলা নিয়ে অপতথ্যের হার আগের তিন মাসের ৩ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হয়েছে।

মূলত জুলাই মাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করেই এই বৃদ্ধি হয়েছে। ওই মাসে খেলাধুলা নিয়ে ৬২টি অপতথ্য শনাক্ত করেন তথ্য যাচাইকারীরা। আগস্টে এ সংখ্যা কমে আটটিতে এবং সেপ্টেম্বরে মাত্র একটিতে নেমে আসে।

খেলাধুলা নিয়ে অপতথ্য মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছবি, ভিডিও এবং ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়েছে। এসব ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টে নেইমার, আর্লিং হলান্ড, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মতো জনপ্রিয় ফুটবলারদের ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের ফাইনালের পর লামিনে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন–এমন একটি এআই দিয়ে তৈরি ছবি ছড়ানো হয়। এ ছাড়া আর্লিং হলান্ডকে নিয়ে এআই দিয়ে তৈরি ভিডিওও ছড়িয়েছে। আবার আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়েরা বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন–এমন বিভ্রান্তিকর ছবিও প্রচার করা হয়েছে।

অপতথ্যের সবচেয়ে বড় বিষয় রাজনীতি, তবে আগের চেয়ে কমেছে

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনীতি নিয়ে ৬৪৭টি আলাদা অপতথ্য শনাক্ত হয়েছে। আগের তিন মাসে এই হার ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ, এবার তা কমে হয়েছে ৫৪ দশমিক ১ শতাংশ।

ডিসমিসল্যাব বলছে, সংখ্যা কমলেও অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় বিষয় এখনো রাজনীতি। গত তিন মাসের মধ্যে আগস্টে রাজনৈতিক অপতথ্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। তথ্য যাচাইকারীরা জুলাইয়ে ২১২টি, আগস্টে ২৫৮টি এবং সেপ্টেম্বরে ১৭৭টি রাজনৈতিক অপতথ্য শনাক্ত করেছেন। ৫ আগস্ট দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের সময় আগস্টে অপতথ্যের সংখ্যা বেড়েছিল।

২৬ জুন তুরাগ নদ থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মরদেহ উদ্ধারের দাবি ছড়িয়ে পড়ে। জুলাই মাসে একই ধরনের দাবি আবারও সামনে আসে। এ সময় অন্য ঘটনার মরদেহ উদ্ধারের ভিডিওকে তুরাগ নদ থেকে আরেক আওয়ামী লীগ নেতাকর্মীর মরদেহ উদ্ধারের দৃশ্য বলে প্রচার করা হয়। ঘটনাটিকে ‘তুরাগ ট্র্যাজেডি’ বলেও উল্লেখ করা হয়। তবে এসব দাবি ছিল মিথ্যা।

জুলাই মাসে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর আরও কিছু অপতথ্য ছড়ায়। এর মধ্যে একটি ছিল, ভিডিওটি এআই দিয়ে তৈরির মিথ্যা দাবি।

আবার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক অপতথ্য বেশি ছড়িয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্রকাশ্যে উপস্থিত হয়েছেন কিংবা বাংলাদেশে ফিরে আসতে পারেন–এমন দাবি ছড়ানো হয়। এ সময় বিভিন্ন নেতা ও রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার পুরনো বৈঠক ও অনুষ্ঠানের ভিডিও নতুন ঘটনা বলে প্রচার করা হয়। এ ছাড়া বিভিন্ন জেলায় আওয়ামী লীগের মিছিলের ছবি ও ভিডিও ছড়ানো হয়। এসব ক্ষেত্রে এআই ব্যবহার করে মিছিলে মানুষের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। তাছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই মার্চ’ ঘিরেও বড় ধরনের অপতথ্য ছড়িয়েছে।

ধর্ম ও আন্তর্জাতিক বিষয় নিয়ে অপতথ্য কমেছে

আগের তিন মাসের তুলনায় জুলাই থেকে সেপ্টম্বরে ধর্ম ও আন্তর্জাতিক বিষয় নিয়ে অপতথ্য যাচাইয়ের সংখ্যা কমেছে। যাচাই করা মোট অপতথ্যের মধ্যে আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত অপতথ্য ১০ শতাংশ থেকে কমে ৯ শতাংশ হয়েছে। আর ধর্মসংক্রান্ত অপতথ্য ৮ শতাংশ থেকে কমে হয়েছে ৭ শতাংশ।

আন্তর্জাতিক ক্ষেত্রে জুলাই মাসে ভারতের ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে অনেক অপতথ্য ছড়ানো হয়েছে। অন্যদিকে, ধর্মসংক্রান্ত অপতথ্য সবচেয়ে বেশি ছড়িয়েছে সেপ্টেম্বরে।

ডিসমিসল্যাব জানিয়েছে, ধর্ম নিয়ে অপতথ্যের ধরন বাংলাদেশ ও ভারতে ছিল আলাদা। বাংলাদেশে ছড়ানো অপতথ্যের বড় একটি অংশে হিন্দু সম্প্রদায়কে নির্যাতন, হামলা ও হয়রানির শিকার হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে ছিল ভাঙচুরের পুরোনো বা অন্য ঘটনার ভিডিও ছড়িয়ে সেগুলোকে সাম্প্রদায়িক হামলা বলে প্রচার করা। এছাড়া, সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে তিনজন হিন্দু নিহত হয়েছেন–এমন একটি মিথ্যা খবর ছড়ানো হয়।

ভারতের কয়েকটি গণমাধ্যমও কিছু ভিডিওকে ভুলভাবে উপস্থাপন করেছে। একটি ভিডিওতে দাবি করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু শিক্ষার্থীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আবার কয়েকটি ভিডিওকে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হয়। কিন্তু এসব দাবি সঠিক ছিল না।

অন্যদিকে, ভারত নিয়ে ধর্মীয় অপতথ্যের বড় একটি অংশে মুসলিমদের, বিশেষ করে নারীরা হিন্দুদের হাতে হয়রানি, অপহরণ ও সহিংসতার শিকার হয়েছে বলে দেখানো হয়েছে। আরেকটি অপতথ্যে দাবি করা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়া মুসলিমরা হিন্দু নারীদের ধর্ষণ করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপতথ্য বেড়েছে

ডিসমিসল্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপতথ্যের সংখ্যা বেড়েছে। এপ্রিল থেকে জুন–এই তিন মাসে এ ধরনের ১০৪টি আলাদা অপতথ্য শনাক্ত হয়েছিল। জুলাই থেকে সেপ্টেম্বর—পরের তিন মাসে তা বেড়ে দাঁড়ায় ১২৯টিতে। অর্থাৎ বেড়েছে ২৪ শতাংশ।

রাজনীতি নিয়ে অপতথ্যের পরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপতথ্যের অবস্থান। মোট অপতথ্যের ১০ দশমিক ৮ শতাংশ ছিল এই শ্রেণির। জুলাই মাসে এ ধরনের সবচেয়ে বেশি ৫১টি অপতথ্য শনাক্ত করা হয়।

এসব অপতথ্যের মধ্যে ছিল হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই এবং মারধরের ঘটনা নিয়ে মিথ্যা দাবি। এর মধ্যে অন্য দেশের, বিশেষ করে ভারতের বিভিন্ন ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচার করা হয়।

আবার বাংলাদেশের প্রকৃত ঘটনাকেও ঘিরে ছড়ানো হয় বিভ্রান্তিকর তথ্য। এর একটি উদাহরণ হলো, রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের ঘটনা। এ ঘটনা নিয়েও বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হয়।

পুরনো ঘটনা, এআই দিয়ে তৈরি ভিডিও এবং অন্য ঘটনার ফুটেজ ব্যবহার করেও বাংলাদেশে নতুন ঘটনা ঘটেছে বলে প্রচার করা হয়।

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় গাজীপুরের মাওনায় ধারণ করা একটি ভিডিও নতুন করে ছড়িয়ে দাবি করা হয়, এটি শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সাম্প্রতিক সংঘর্ষের দৃশ্য।

এছাড়া মিয়ানমারে আগুন লাগার একটি ভিডিওকে বাংলাদেশের টেকনাফ সীমান্তের কাছে বিমান হামলার দৃশ্য বলে প্রচার করা হয়।

ঢাকায় বোমা বিস্ফোরণ, সন্ত্রাসী হামলা ও জঙ্গি তৎপরতা নিয়েও বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এসব দাবির পক্ষে যেসব ছবি ও বস্তু ব্যবহার করা হয়েছিল, তথ্য যাচাই করে দেখা যায়, সেগুলো সংশ্লিষ্ট ঘটনার নয়। অর্থাৎ পুরনো, অন্য ঘটনার বা ভুলভাবে উপস্থাপিত ছবি ব্যবহার করে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

এর মধ্যে ২০২৫ সালে নীলফামারীতে শ্রমিকদের একটি আন্দোলনের পুরনো ছবি নতুন করে ছড়িয়ে দাবি করা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। অথচ ছবিটি ছিল সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার।

এ ছাড়া ভারতের আসাম ও পাটনায় সিনেমার শুটিংয়ের সময় ধারণ করা ভিডিওকেও বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হয়। একটি ভিডিওকে রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ওপর আরাকান আর্মির হামলার দৃশ্য বলে দাবি করা হয়। অন্য একটি ভিডিওকে ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় অস্ত্রধারীদের সাধারণ মানুষের ওপর গুলি চালানোর দৃশ্য বলে প্রচার করা হয়।

সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে ভিডিওর মাধ্যমে

জুলাই থেকে সেপ্টেম্বর–এই তিন মাসে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে ভিডিওর মাধ্যমে। তথ্য যাচাইকারীরা এ সময়ে ভিডিও-ভিত্তিক ৬১৭টি আলাদা অপতথ্য শনাক্ত করেছেন। মোট অপতথ্যের ৫১ দশমিক ৬ শতাংশ ছিল ভিডিও। আগের তিন মাস, অর্থাৎ এপ্রিল থেকে জুনে এ সংখ্যা ছিল ৬১৩টি বা ৪৮ দশমিক ৪ শতাংশ।

অপতথ্য ছড়ানোর দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত মাধ্যম ছিল গ্রাফিক কার্ড। তবে এ ধরনের অপতথ্যের সংখ্যা ৩৮৭ থেকে কমে ৩৪৭টিতে নেমেছে। ছবি ব্যবহার করে ছড়ানো অপতথ্যের সংখ্যাও ১৮৮ থেকে কমে ১৬৪ হয়েছে। অন্যদিকে, শুধু লেখা দিয়ে ছড়ানো অপতথ্যের সংখ্যা ২২ থেকে বেড়ে ৪২টিতে দাঁড়িয়েছে।

তবে এআই ব্যবহার করে তৈরি বা পরিবর্তন করা অপতথ্যের সংখ্যা আগের তুলনায় কমেছে। এপ্রিল থেকে জুনে এ ধরনের ১৯১টি অপতথ্য শনাক্ত হয়েছিল। জুলাই থেকে সেপ্টেম্বরে তা কমে ১৬৩টিতে দাঁড়ায়।

ডিসমিসল্যাব বলছে, ভিডিওর মাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেশি থাকার কারণ হলো, পুরনো ভিডিও, অন্য দেশের বা অন্য ঘটনার ভিডিও এবং এআই দিয়ে তৈরি ভিডিও বারবার ব্যবহার করা হচ্ছে। এসব ভিডিও দিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করা হচ্ছে।