
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

ইসরায়েলের বিরোধী দলগুলো যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, তখন বর্তমান সরকারের কট্টরপন্থী ডানপন্থী অংশগুলোর ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে রয়েছেন বসতি স্থাপনকারীদের প্রকাশ্য সমর্থক অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার দায়ে দণ্ডিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন দলগুলো।
নেতানিয়াহুর মন্ত্রিসভার সব সদস্যই গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং আঞ্চলিক দেশগুলোর ওপর হামলাকে সমর্থন করেছেন। তাদের স্থলাভিষিক্ত হওয়ার প্রত্যাশায় থাকা বিরোধী রাজনীতিকেরাও এ অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। তবে স্মোত্রিচ ও বেন-গভিরই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে রয়েছেন এবং পশ্চিমা সরকারগুলোর সমালোচনার প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন।
নেতানিয়াহু সাবেক সেনাপ্রধান আইজেনকটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করছেন—এমন আলোচনার মধ্যে দুই মন্ত্রীই প্রকাশ্যে সাবেক এই সেনাপ্রধানের নেতৃত্বাধীন সরকার গঠনের বিরোধিতা করেছেন।
ভোটের আগে বেন-গভির অস্বাভাবিকভাবে দাবি করেন, ইসরায়েলকে ‘রক্ষা করতে’ নেতানিয়াহুর সামনে এখন দুটি বিকল্প—নিজে ক্ষমতায় থাকা অথবা আইজেনকটকে বেছে নেওয়া।
অন্যদিকে স্মোত্রিচ তার উগ্র অর্থোডক্স রাজনৈতিক মিত্রদের আইজেনকটের সঙ্গে আলোচনায় না যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তার ভাষ্য, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে তাদের ভোট ব্যবহার করার পর তিনি তাদের ‘ছুড়ে ফেলে দেবেন’।
ঘৃণার উত্তরাধিকার
২০২২ সালে নেতানিয়াহু বেন-গভিরের উগ্র ডানপন্থী দল ওতজমা ইয়েহুদিত (জিউইশ পাওয়ার) এবং স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টিকে নিয়ে জোট সরকার গঠন করেন। এতে দুই নেতাই ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। স্মোত্রিচ অর্থমন্ত্রী হন। এর ফলে ইসরায়েলের বাজেট এবং অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে বেন-গভিরকে জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
কট্টর জায়োনিবাদ, ইহুদি আধিপত্যবাদ এবং সমালোচকদের ভাষায় প্রকাশ্য বর্ণবাদী চিন্তাধারার ওপর ভিত্তি করে বেন-গভির ও স্মোত্রিচ গত তিন বছরে নিজেদের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ইসরায়েলের সবচেয়ে কঠোর নীতিগুলো এগিয়ে নিয়েছেন। নিজেদের আদর্শিক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা নিজ নিজ মন্ত্রণালয়েও ব্যাপক পরিবর্তন এনেছেন।
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের দুই মন্ত্রীই ছিলেন উৎসাহী সমর্থক। বিপুলসংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু, দুর্ভিক্ষ এবং ত্রাণ সহায়তা আটকে রাখার ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু দুর্বল হয়ে পড়ছেন বলে মনে হলেই তারা বারবার সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার আওতায় জিম্মিদের মুক্তির পরও হামাস টিকে থাকলে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন বেন-গভির। দুই মন্ত্রীই বারবার গাজা দখল, সেখানে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের জাতিগতভাবে উচ্ছেদের আহ্বান জানিয়েছেন।
স্মোত্রিচ পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণকে উৎসাহ দিয়েছেন। তার বিরোধীদের দৃষ্টিতে, অধিকৃত অঞ্চলজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও পরিকল্পিত দমনমূলক হামলার (পোগ্রাম) ব্যাপক বিস্তারের জন্য তিনিই দায়ী।
২০২৫ সালের জুনে পশ্চিমা দেশগুলোর একটি অংশ স্মোত্রিচ ও বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। অন্য কয়েকটি দেশ তাদের সম্পদ জব্দ করে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছিলেন, ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার অভিন্ন ‘আকাঙ্ক্ষার’ কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে বিশ্লেষকেরা বলেছেন, এই দুই মন্ত্রী ও তাদের রাজনৈতিক আন্দোলনকে একই ধরনের শক্তি হিসেবে বিবেচনা করা কিংবা ইসরায়েলের সামগ্রিক নীতি থেকে বিচ্ছিন্ন করে দেখা উচিত নয়।
ইসরায়েল, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উগ্র ডানপন্থীদের নিয়ে গবেষণার নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস লোয়েলের অধ্যাপক অ্যারি পেরলিগার আলজাজিরাকে বলেন, “আমি মনে করি, বেন-গভির ও স্মোত্রিচকে একই রাজনৈতিক জোট হিসেবে দেখা উচিত নয়। কারণ, সরকার থেকে বাদ পড়লে তাদের ওপর এর প্রভাব হবে সম্পূর্ণ বিপরীত।”
তিনি বলেন, “বেন-গভিরের ক্ষমতার ভিত্তি জনতুষ্টিবাদী ও লোকদেখানো কর্মকাণ্ডনির্ভর। বিরোধী দলে থাকাই তার জন্য সুবিধাজনক।”
তার ভাষ্য, নিষিদ্ধ কাহানিস্ট আন্দোলনের সঙ্গে বেন-গভিরের রাজনৈতিক শিকড়ের সম্পর্ক রয়েছে। অন্য অনেক ডানপন্থী আন্দোলনের মতো তার রাজনৈতিক উত্থানেও ক্ষমতার বাইরে থাকার বিষয়টিকে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসঘাতকতার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে স্মোত্রিচ অর্থমন্ত্রী হিসেবে নিজের অবস্থান কাজে লাগিয়ে বসতি সম্প্রসারণ কর্মসূচির একটি অংশকে নিয়ন্ত্রণে নিয়েছেন এবং নিজের সুস্পষ্ট জায়োনিস্ট কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ফলে বাজেট, মন্ত্রণালয়ের দায়িত্ব এবং বসতি নীতির ওপর নিয়ন্ত্রণ হারালে তার ক্ষতি হবে অনেক বেশি।
পেরলিগার বলেন, “স্মোত্রিচের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তার অর্জনগুলো বক্তৃতানির্ভর নয়, বরং আমলাতান্ত্রিক ক্ষমতা ব্যবহারের মাধ্যমে এসেছে।”
দীর্ঘস্থায়ী ক্ষতি
সরকার থেকে বিদায় নেওয়ার পরও দীর্ঘদিন টিকে থাকবে—এমন পরিবর্তন নিজ নিজ মন্ত্রণালয়ে আনার অভিযোগ রয়েছে দুই নেতার বিরুদ্ধেই।
২০২২ সালে নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের চুক্তির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পাশাপাশি স্মোত্রিচকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর ফলে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েল-নিয়ন্ত্রিত বেসামরিক প্রশাসনের বড় একটি অংশের ওপর ব্যাপক ক্ষমতা পান তিনি।
এ অবস্থান কাজে লাগিয়ে তিনি পৃথক বসতি প্রশাসন গড়ে তোলেন এবং অধিকৃত ভূখণ্ডজুড়ে অবৈধ বসতি সম্প্রসারণের গতি দ্রুত বাড়ান। ২০২৫ সালের আগস্টে তিনি ই১ বসতি পরিকল্পনা পুনরুজ্জীবিত করার ঘোষণা দেন। এ পরিকল্পনার মাধ্যমে ‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে’ কবর দেওয়া হবে বলেও গর্ব করে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে বেন-গভিরের বিরুদ্ধে তার অধীন ইসরায়েলি পুলিশ বাহিনীকে দ্রুত রাজনৈতিকভাবে প্রভাবিত করার এবং কার্যত নিজের কট্টর ডানপন্থী দৃষ্টিভঙ্গির প্রতিফলনে পরিণত করার অভিযোগ রয়েছে। ফিলিস্তিনি বন্দীদের জীবনযাপন ও অধিকার কঠোরভাবে সীমিত করাসহ কারা পরিষেবায়ও তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন। এসব পরিবর্তনের প্রাতিষ্ঠানিক প্রভাব বছরের পর বছর টিকে থাকতে পারে।
পেরলিগার বলেন, “এসব পরিবর্তনের সঙ্গে জনবল, কর্মপদ্ধতি ও বাস্তব পরিস্থিতি জড়িত। এগুলো উল্টে দিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।”
বিরোধী দলগুলোর নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও মন্ত্রীদের আনা পরিবর্তনগুলো বাতিল করা হবে কি না, সে বিষয়ে তিনি সন্দিহান।
এসেক্স বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের সহকারী অধ্যাপক রয় জুরের মতে, ইসরায়েলের মূলধারার রাজনীতি থেকে এই দুই নেতাকে সরিয়ে দিলেও তাদের সমর্থক গোষ্ঠীগুলোর প্রতি জনসমর্থনে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম।
স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট আন্দোলনের শিকড় ১৯৬৭ সালের যুদ্ধ পর্যন্ত বিস্তৃত। বেন-গভিরের ওতজমা ইয়েহুদিতের সঙ্গে মিলে ইসরায়েলের প্রায় ১০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে এই দুই আন্দোলনের প্রতি।
জুর আলজাজিরাকে বলেন, “তারা স্থিতিশীল অবস্থানে রয়েছে এবং আরও বহু বছর টিকে থাকবে। ইসরায়েলে প্রায় একই ধরনের মানুষের প্রতিনিধিত্ব করে তারা।”
তাদের দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হতে পারে ফিলিস্তিনিদের প্রতি ঘৃণাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া। এই ঘৃণা দীর্ঘদিন ধরে জমে ছিল, যা হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলার পর বিস্ফোরিত হয়। তাদের নিজেদের কর্মকাণ্ড এবং নেতানিয়াহুর জোট সরকারের অন্য ডানপন্থী সদস্যদের ভূমিকার কারণে ইসরায়েলিদের চোখে ফিলিস্তিনিদের জীবনের মূল্য নজিরবিহীনভাবে কমে গেছে।
গাজায় গণহত্যামূলক যুদ্ধে ৭৪ হাজারের বেশি মানুষকে হত্যার বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ইসরায়েলের সীমানার ভেতরে ফিলিস্তিনি জনপদগুলোর প্রতি ইচ্ছাকৃত অবহেলা চলছে, যেখানে অপরাধ ও হত্যাকাণ্ড কার্যত মহামারির রূপ নিয়েছে। ফিলিস্তিনি বন্দীদের ওপরও চাপিয়ে দেওয়া হয়েছে নির্মম পরিস্থিতি। এসব ঘটনা আড়াল করা হয়নি; বরং উদ্যাপন করা হয়েছে। বেন-গভির নেসেটে এমন একটি মৃত্যুদণ্ড আইন পাসের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা শুধু ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পত্তির ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিকল্পিত দমনমূলক হামলা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অর্থবহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
বামপন্থী হাদাশ দলের সাবেক ফিলিস্তিনি সংসদ সদস্য আয়েদা তৌমা-সুলেইমান বলেন, “সহিংসতা সব সময়ই একটি বিপদ। রাস্তায়, বাসে—সব জায়গায় মানুষ আতঙ্কে থাকে। যেখানেই থাকুন না কেন, শুধু আরবি ভাষায় কথা বলার ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হয়।”
তৌমা-সুলেইমান বলেন, নেতানিয়াহুর সর্বশেষ সরকারের আমলে ইসরায়েলে দীর্ঘদিন ধরে বিদ্যমান ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবৈষম্য আরও গভীরভাবে প্রোথিত হয়েছে এবং তা একধরনের ফ্যাসিবাদী রূপ নিয়েছে।
তিনি আলজাজিরাকে বলেন, “বর্ণবৈষম্য হলো এমন একগুচ্ছ আইন, যা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করে। আর ফ্যাসিবাদ হলো, যখন বৈষম্য ও বর্ণবাদ মানুষের আত্মার মধ্যেই গেঁথে যায়।”
তিনি আরও বলেন, “নেতানিয়াহু ও তার মিত্ররা শুধু বর্ণবাদী হওয়ার অনুমতিই দেননি; বরং বর্ণবাদকে প্রায় দেশপ্রেমের প্রমাণে পরিণত করেছেন—এখন যেন বর্ণবাদী হওয়াটাই প্রত্যাশিত।”

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের