
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

ঢাকায় ঘনবসতিপূর্ণ একটি এলাকার পাঁচতলা ভবনের তিনতলায় দুই রুমের একটি ফ্ল্যাটে থাকেন ২৫ বছর বয়সী হাফসা বেগম। তার শোবার ঘরে সূর্যের আলো পৌঁছায় না। এমনকি জানালা দিয়ে বাতাস চলাচলেরও তেমন সুযোগ নেই।
হাফসা বেগমের গর্ভাবস্থার বেশির ভাগ সময় কেটেছে এই বাসাটিতে। গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় গর্ভাবস্থায় তিনি খুব কষ্টে দিন কাটাতেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার সময়ও তাকে প্রচণ্ড গরমের মধ্যে যাতায়াত করতে হতো।
গত ৭ নভেম্বর মোহাম্মদপুরে সরকারি মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালে একটি ছেলেসন্তানের জন্ম দেন হাফসা বেগম। তবে ৪০ সপ্তাহের পূর্ণ গর্ভকাল শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই শিশুটির জন্ম হয়।
পর দিন আন্তর্জাতিক পরিবেশ ও সংরক্ষণবিষয়ক সংবাদমাধ্যম মঙ্গাবেকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসপাতালটির প্রধান স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাজমুন নাহার বলেন, “আমরা দেখছি, অপুষ্টিতে ভোগা ও মানসিক চাপে থাকা মায়েদের মধ্যে সময়ের আগেই সন্তান জন্ম দেওয়ার ঘটনা বাড়ছে।”

তবে প্রতিবেদন তৈরির সময় তিনি হাসপাতালে অপরিণত শিশুর জন্মের কোনো পরিসংখ্যান দিতে পারেননি।
নাজমুন নাহার বলেন, যেসব নারী নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম দেন, তাদের হাসপাতালে ভর্তির পর তিন দিনের বেশি সময় থাকতে হয়। কারণ, এসব নবজাতকের নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি থাকে। তাদের নিউমোনিয়া, রক্তে সংক্রমণ (সেপসিস) ও পেটের সংক্রমণসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
তবে অতিরিক্ত গরমের সঙ্গে সময়ের আগে সন্তান জন্ম দেওয়ার (প্রিটার্ম) কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে তিনি আলাদাভাবে গবেষণা করেননি বলে জানান এই চিকিৎসক।
গবেষণার তথ্য কী বলছে?
গত ২ নভেম্বর আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ) একটি নীতিবিষয়ক প্রতিবেদন প্রকাশ করে। ২০২৪ সালে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনে তাপপ্রবাহের প্রভাব নিয়ে করা এক গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।
গবেষণায় দেখা গেছে, এশিয়ার এই তিন দেশে অতিরিক্ত গরমের কারণে সময়ের আগেই সন্তান জন্ম দেওয়ার ঘটনা বেড়েছে। তিন দেশের মধ্যে বাংলাদেশে এই হার সবচেয়ে বেশি।
জেডসিএর হিসাব অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে তাপপ্রবাহের সময় বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ৫ হাজার ৫১৫টি অপরিণত শিশুর জন্ম হয়েছে। প্রতি হাজারে এই সংখ্যা প্রায় ১৯। তিন দেশের মধ্যে এটিই সর্বোচ্চ হার।
সংস্থাটির তথ্য বলছে, দেশের মোট অপরিণত শিশুর জন্মের ৪৭ শতাংশের ঘটনা ঘটেছে সবচেয়ে জনবহুল দুই শহর ঢাকা ও চট্টগ্রামে।

জেডসিএর প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় বাংলাদেশে অস্বাভাবিক মাত্রায় গরম পড়েছিল। ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত এপ্রিল মাসের গড় তাপমাত্রার তুলনায় ২০২৪ সালের এপ্রিলে তাপমাত্রা প্রায় ২ দশমিক ৮৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
জেডসিএর জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক এবং প্রতিবেদনটির অন্যতম লেখক জোয়ান বেন্টলি-ম্যাককিউন মঙ্গাবেকে বলেন, অতিরিক্ত গরমের সঙ্গে সময়ের আগে সন্তান জন্ম দেওয়ার সম্পর্কের বিষয়টি বিভিন্ন গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, সময়ের আগে জন্ম নেওয়া যেসব শিশু বেঁচে থাকে, তাদেরও দীর্ঘদিন নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা ও শারীরিক-মানসিক বিকাশে জটিলতা দেখা দিতে পারে।
২৪টি দেশের ৮৩টি তাপ ও স্বাস্থ্যবিষয়ক কর্মপরিকল্পনা নিয়ে করা সাম্প্রতিক এক বৈশ্বিক পর্যালোচনার কথা উল্লেখ করে ম্যাককিউন বলেন, এসব পরিকল্পনার মাত্র অর্ধেকে গর্ভবতী নারীদের হিটওয়েভ বা তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর নবজাতকদের ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে ১০টির মধ্যে চারটিরও কম পরিকল্পনায়।
এই গবেষক আরও বলেন, পর্যালোচনায় থাকা কোনো দেশই মা ও নবজাতকদের ওপর অতিরিক্ত গরমের প্রভাব মোকাবিলায় পুরোপুরি কার্যকর ব্যবস্থা নেয়নি। বেশির ভাগ দেশই তাপ থেকে বাঁচতে মানুষকে নিজেদের আচরণ পরিবর্তনের পরামর্শ দেওয়ার ওপর জোর দিয়েছে। কিন্তু শীতল পরিবেশে থাকার সুযোগ তৈরি করা কিংবা তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করার মতো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।
২০২৪ সালের এপ্রিলে তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাবের পরের মাসেই বাংলাদেশ সরকার গর্ভবতী নারীদের জন্য বিশেষ সতর্কতা ও পরামর্শ জারি করে। তবে এখনো দেশে মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্যসেবার অংশ হিসেবে অতিরিক্ত গরম থেকে সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়নি।
বিশ্লেষকরা বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ার সরাসরি প্রভাবের পাশাপাশি বাংলাদেশে আরও কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, শীতল পরিবেশে থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং নবজাতকদের চিকিৎসাকেন্দ্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের দুর্বল ব্যবস্থা।
হাফসার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আবু বকর জানান, তাদের বাসায় সিলিং ফ্যান থাকলেও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ঘর ঠান্ডা রাখা সম্ভব হতো না।
আবু বকর মঙ্গাবেকে বলেন, “বিদ্যুৎ চলে গেলে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর মনে হতো, তার শরীরের ভেতরটা পুড়ে যাচ্ছে। সন্তান জন্ম দেওয়ার আগে গণপরিবহনে করে হাসপাতালে যাতায়াত করতেও তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।”
এ বছরের এপ্রিলে উপসাগরীয় অঞ্চলের সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে জ্বালানির সংকট দেখা দেয়। এতে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি দাঁড়ায় প্রায় ৩ হাজার মেগাওয়াটে। সেই সঙ্গে কারিগরি সমস্যার কারণে এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং আরও বেশি হয়। একই মাসে দেশের প্রায় ২৬টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়।
শীতল পরিবেশ নিশ্চিত করা জরুরি
মঙ্গাবের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ‘এভরি নিউবর্ন অ্যাকশন প্ল্যান’-এর লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে প্রতি এক হাজার জীবিত শিশুর জন্মে নবজাতকের মৃত্যুর সংখ্যা ১২ বা তার নিচে নামিয়ে আনা। একই সময়ের মধ্যে প্রতি হাজারে মৃত সন্তান প্রসবের হারও ১২ বা তার নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
জেডসিএর প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনায় মা ও নবজাতকের জীবন রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে অতিরিক্ত গরমের ঝুঁকি এখনো নিয়মিত মাতৃস্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করা হয়নি।
জেডসিএর গবেষক জোয়ান বেন্টলি-ম্যাককিউন বলেন, “আমাদের মূল দাবি হলো, এশিয়ার দেশগুলোর সরকার যেন গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্যসেবার অংশ হিসেবে অতিরিক্ত গরম থেকে সুরক্ষার বিষয়টি যুক্ত করে। গরমের মৌসুম শুরু হওয়ার আগেই যেন প্রত্যেক গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তাপপ্রবাহ শুরু হওয়ার পর ব্যবস্থা নিলে চলবে না।”
এই গবেষক আরও বলেন, এ জন্য বিভিন্ন পর্যায়ে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে হবে। সেখানে প্রশিক্ষিত ধাত্রী ও কমিউনিটি স্বাস্থ্যকর্মী থাকতে হবে। পাশাপাশি শীতল পরিবেশ নিশ্চিত করতে পানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহও প্রয়োজন।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক নারী সহজে স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ শীতল কেন্দ্র বা বিভিন্ন এলাকায় মানুষের জন্য ঠান্ডা পরিবেশে থাকার বিশেষ জায়গা তৈরির পরামর্শ দিয়েছেন ম্যাককিউন।
এই গবেষকের পরামর্শ, সরকার চাইলে ঘরবাড়ি ঠান্ডা রাখতে সহায়তা করতে পারে। এ জন্য ছাদে তাপ প্রতিফলিত করে এমন উপকরণ ব্যবহার, ঘরের চারপাশে ছায়ার ব্যবস্থা এবং তাপ নিরোধক ব্যবস্থা গড়ে তুলতে অর্থ সহায়তা দেওয়া যেতে পারে। কম খরচে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থার জন্য পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া এবং পরিচিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তাপপ্রবাহের সতর্কবার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া যেতে পারে।
বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার বলেন, বাংলাদেশে সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা অনেক বেশি। অতিরিক্ত গরমের কারণে তৈরি হওয়া শারীরিক চাপের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।
মঙ্গাবেকে দেওয়া সাক্ষাৎকারে এই বিশেষজ্ঞ বলেন, গর্ভবতী নারীদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে তাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, “শুধু হাসপাতালগুলোতে শীতল পরিবেশের ব্যবস্থা করলেই হবে না। আমাদের পরিবেশকে আবার সবুজ করে তুলতে হবে। সরকারকে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ বন্ধ করতে হবে।”
এক গবেষণায় দেখা গেছে, অপরিকল্পিত নগরায়ণের কারণে ১৯৮৯ থেকে ২০২০ সালের মধ্যে ঢাকা শহরের সবুজের পরিমাণ ৫৬ শতাংশ কমে গেছে।
গবেষণার তথ্য বলছে, তাপপ্রবাহ এখন শুধু জনজীবনকেই বিপর্যস্ত করছে না, গর্ভবতী নারী ও নবজাতকদের জন্যও বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অতিরিক্ত গরমের সঙ্গে অপরিণত শিশুর জন্মের সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশে এই ঝুঁকি তুলনামূলক বেশি। তাই শুধু হাসপাতালে শীতল পরিবেশ নিশ্চিত করলেই হবে না, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, গর্ভবতী নারীদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সবুজের পরিমাণ বাড়ানো এবং তাপপ্রবাহ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ