Advertisement

বিশ্বে শিশু জন্মের হার আশঙ্কজনকভাবে কমছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিশ্বে শিশু জন্মের হার আশঙ্কজনকভাবে কমছে
বিশ্ব এমন এক জনমিতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে, যেখানে জনসংখ্যা শুধু বয়স্ক হয়ে উঠবে না, বরং একসময় কমতেও শুরু করবে। ফাইল ছবি

বিশ্বজুড়ে সন্তান জন্মদানের হার এমনভাবে কমছে, যা মানবসভ্যতার জনমিতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। একসময় জনসংখ্যা কমে যাওয়ার পেছনে যুদ্ধ, মহামারি, দুর্ভিক্ষ কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের মতো কারণ কাজ করেছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। মানুষ নিজের সিদ্ধান্তে সন্তান নেওয়া কমিয়ে দিচ্ছে। ফলে বিশ্ব এমন এক জনমিতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে, যেখানে জনসংখ্যা শুধু বয়স্ক হয়ে উঠবে না, বরং একসময় কমতেও শুরু করবে। এর প্রভাব অর্থনীতি, সমাজ, রাজনীতি ও আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের ওপর পড়বে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই পরিবর্তনের অভিঘাত সব দেশ কিংবা সমাজের ওপর সমানভাবে পড়বে না। বরং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনগোষ্ঠী ও দেশগুলো তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে, আর দরিদ্র জনগোষ্ঠী ও দেশগুলো আরও বেশি জনমিতিক সংকটে পড়বে।

Advertisement

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হেসুস ফার্নান্দেজ-ভিয়াভের্দে তার দ্য লাক্সারি অব চিলড্রেন: হোয়াই দ্য বেবি বাস্ট ইজ মেকিং দ্য ওয়ার্ল্ড মোর আনইকুয়াল শীর্ষক নিবন্ধে এই পরিবর্তনের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফরেন অ্যাফেয়ার্স-এর এই নিবন্ধটি তার ও প্যাট্রিক নরিকের যৌথ গবেষণার ওপর ভিত্তি করে লেখা। লেখকের মূল বক্তব্য হলো, সন্তান জন্মদানের হার কমে যাওয়ার সংকট এখন আর শুধু জনসংখ্যার আকার কিংবা বয়সের সঙ্গে সম্পর্কিত নয়। এটি ক্রমেই অর্থনৈতিক বৈষম্যের নতুন উৎস হয়ে উঠছে। আধুনিক সমাজে সন্তান লালন-পালন এতটাই ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে উঠেছে যে সন্তান ধারণের সক্ষমতা অনেকাংশে পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করছে। ফলে সন্তান এখন আর আগের মতো পরিবারের অর্থনৈতিক সম্পদ নয়; বরং অনেকের কাছে এটি এক ধরনের বিলাসদ্রব্য।

এই সংকটের গভীরতা বোঝার জন্য প্রথমেই প্রজনন হারের ধারণাটি বিবেচনা করা প্রয়োজন। জনসংখ্যাকে দীর্ঘ মেয়াদে স্থিতিশীল রাখতে একজন নারীর গড়ে প্রায় ২ দশমিক ২টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। একে প্রতিস্থাপন হার বা রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেট বলা হয়। ফার্নান্দেজ-ভিয়াভের্দের মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী প্রজনন হার এই প্রতিস্থাপন হারের নিচে নেমে গেছে। এর অর্থ, বিশ্বে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ভবিষ্যতে আগের প্রজন্মের জনসংখ্যাকে প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট হবে না। তার অনুমান, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫৫ সালের দিকে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর তা কমতে শুরু করবে।

তবে জাতিসংঘের ২০২৪ সালের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস-এর মধ্যম পূর্বাভাসে ভিন্ন চিত্র পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ২০২৬ সালেও বিশ্বব্যাপী প্রজনন হার প্রতিস্থাপন হারের সামান্য ওপরে থাকবে এবং ২০৮৪ সালের দিকে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ফার্নান্দেজ-ভিয়াভের্দের আপত্তি হলো, জাতিসংঘের এই পূর্বাভাসে বিভিন্ন দেশের সাম্প্রতিক জন্মহার কমে যাওয়ার প্রবণতা যথেষ্টভাবে বিবেচনায় নেওয়া হয়নি। বিশেষ করে চীনের মতো দেশে প্রজনন হার আবার উল্লেখযোগ্যভাবে বাড়বে-এমন আশাবাদী অনুমানের ভিত্তি দুর্বল। তিনি মনে করেন, জাতিসংঘের নিম্ন পূর্বাভাস বা লো-ভ্যারিয়েন্ট বর্তমান বাস্তবতার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

Advertisement

এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ধনী দেশ ও দরিদ্র দেশের মধ্যে সন্তান জন্মদানের হারের প্রচলিত সম্পর্কটি বদলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনমিতিবিদদের ধারণা ছিল, একটি দেশ যত ধনী ও শিক্ষিত হবে, তার মানুষের সন্তান নেওয়ার প্রবণতা তত কমবে। দরিদ্র সমাজে সন্তানসংখ্যা বেশি থাকবে, আর অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে তা কমবে, এটাই ছিল পরিচিত ব্যাখ্যা। কিন্তু সাম্প্রতিক প্রবণতা এই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন অনেক ক্ষেত্রে ধনী দেশ ও ধনী পরিবারে সন্তান জন্মদানের হার দরিদ্র দেশ ও পরিবারের তুলনায় বেশি।

লেখক এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, জ্যামাইকা, ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক ও শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে দেখা যায়, এই দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রজনন হার সবচেয়ে বেশি। শুধু অভিবাসী নারীদের হিসাব বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নারীদের বিবেচনা করলেও দেশটির অবস্থান শীর্ষে থাকে। অর্থাৎ উচ্চ আয় ও উন্নত জীবনযাত্রার সঙ্গে কম সন্তান জন্মদানের যে সরল সম্পর্ক একসময় প্রতিষ্ঠিত ছিল, তা এখন আর সর্বজনীন নয়।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) দেশগুলোর মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। সেখানে তুলনামূলক ধনী দেশগুলোর প্রজনন হার দরিদ্র সদস্যদেশগুলোর চেয়ে বেশি। মেক্সিকোর উদাহরণটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের হিসাবে দেশটির একজন নারী তার জীবদ্দশায় গড়ে ১ দশমিক ২টি সন্তান জন্ম দেবেন বলে অনুমান করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ, হিস্পানিক নন—এমন নারীদের ক্ষেত্রে এই হার ১ দশমিক ৫৭। অথচ মেক্সিকোর মাথাপিছু আয় যুক্তরাষ্ট্রের মাত্র ২৮ শতাংশ। দুই দশক আগেও মেক্সিকোর প্রজনন হার যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন ও সন্তান জন্মদানের সম্পর্কটি সময়ের সঙ্গে নতুন রূপ নিচ্ছে।

এই পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে লেখক কয়েকটি প্রচলিত তত্ত্বের সীমাবদ্ধতা তুলে ধরেছেন। যেমন, যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বেড়ে যাওয়াকে সন্তান জন্মদানের হার কমার একটি কারণ হিসেবে দেখা হয়। কিন্তু বিশ্বের অনেক দেশে আবাসনের দাম একইভাবে না বাড়লেও জন্মহার দ্রুত কমেছে। ফলে শুধু বাড়ির দাম দিয়ে বৈশ্বিক প্রবণতার ব্যাখ্যা দেওয়া যায় না। একইভাবে স্মার্টফোনের বিস্তারকে অনেক গবেষক ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন, সামাজিক বিচ্ছিন্নতা এবং সন্তান নেওয়ার অনীহার সঙ্গে যুক্ত করেছেন। কিন্তু বিশ্বে প্রজনন হার কমতে শুরু করেছে ষাটের দশকের শেষভাগ থেকেই, অর্থাৎ স্মার্টফোনের ব্যাপক বিস্তারের বহু আগে। লেখকের মতে, স্মার্টফোন এই প্রবণতাকে ত্বরান্বিত করে থাকতে পারে, কিন্তু এর মূল কারণ নয়। তার হিসাব অনুযায়ী, স্মার্টফোনের বিস্তার এমন একটি পরিবর্তনকে মাত্র ১০ বছরে ঘটিয়েছে, যা অন্যথায় ২৫ বছরে ঘটতে পারত।

নারীশিক্ষা ও কর্মসংস্থানকেও দীর্ঘদিন ধরে জন্মহার কমার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধারণাটি হলো, নারীরা যখন শিক্ষা গ্রহণ এবং পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পান, তখন তারা সন্তান জন্মদান ও লালন-পালনের পরিবর্তে নিজেদের অন্যান্য লক্ষ্যকে অগ্রাধিকার দেন। বিংশ শতাব্দীতে এই ব্যাখ্যার কিছু ভিত্তি থাকলেও বর্তমান বাস্তবতা অনেক বেশি জটিল। ওইসিডিভুক্ত দেশগুলোতে বরং নারীশিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে প্রজনন হারের ইতিবাচক সম্পর্ক দেখা যাচ্ছে। যেসব দেশে নারীরা বেশি শিক্ষিত এবং কর্মক্ষেত্রে বেশি অংশগ্রহণ করেন, সেসব দেশে তুলনামূলকভাবে জন্মহারও বেশি। লাতিন আমেরিকার যেসব দেশের নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায়, সেখানেও সন্তান না নেওয়া নারীদের মধ্যে কম শিক্ষিত এবং শ্রমবাজারের বাইরে থাকা নারীর সংখ্যা বেশি।

তাহলে এই বৈশ্বিক পরিবর্তনের মূল কারণ কী? ফার্নান্দেজ-ভিয়াভের্দে এর ব্যাখ্যায় আধুনিকতার কাঠামোগত প্রভাবের ওপর জোর দিয়েছেন। তার মতে, আধুনিক সমাজ এমন কিছু প্রতিষ্ঠান ও ব্যবস্থার ওপর গড়ে উঠেছে, যেগুলো সন্তান লালন-পালনের ব্যয় ও দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পেশাগত যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মানসম্মত পরীক্ষা, পেশাগত লাইসেন্স এবং আমলাতান্ত্রিক কাঠামো—সবকিছু মিলিয়ে একজন শিশুকে প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে।

এখানে আধুনিকতা বলতে শুধু পুঁজিবাদকে বোঝানো হয়নি। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোও গণশিক্ষা, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং আমলাতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটিয়েছে। সেখানেও সন্তান জন্মদানের হার কমেছে। অর্থাৎ আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার ধরন ভিন্ন হলেও আধুনিক জীবনের সংগঠন সন্তান লালন-পালনের খরচ বাড়িয়েছে।

আগের কৃষিভিত্তিক ও কারুশিল্পনির্ভর সমাজে সন্তান পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করত। কৃষিকাজ, পারিবারিক ব্যবসা কিংবা ছোটখাটো উৎপাদন ব্যবস্থায় শিশুরাও সহযোগিতা করত। বৃদ্ধ বয়সে মা-বাবার দেখাশোনার দায়িত্বও অনেকাংশে সন্তানদের ওপর নির্ভরশীল ছিল। ফলে সন্তান জন্মদান শুধু আবেগ কিংবা পারিবারিক আকাঙ্ক্ষার বিষয় ছিল না; এর অর্থনৈতিক উপযোগিতাও ছিল। কিন্তু আধুনিক অর্থনীতিতে এই সম্পর্ক বদলে গেছে। শিশুদের আর পরিবারের উৎপাদনব্যবস্থার অপরিহার্য শ্রমশক্তি হিসেবে দেখা হয় না। একই সঙ্গে কল্যাণরাষ্ট্রের পেনশন, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধ বয়সে সন্তাননির্ভরতার প্রয়োজন কমিয়েছে। বংশপরম্পরা বা পারিবারিক উত্তরাধিকারের ওপর মানুষের ভবিষ্যৎও আগের মতো নির্ভরশীল নয়।

অন্যদিকে সন্তান না নেওয়ার সুযোগও আধুনিক সমাজে অনেক বেড়েছে। ব্যক্তিগত স্বাধীনতা, পেশাগত উন্নতি, সামাজিক নিরাপত্তা এবং নিজস্ব জীবনযাপনের সুযোগ মানুষকে সন্তান ছাড়াও জীবন পরিচালনার বাস্তবসম্মত বিকল্প দিয়েছে। ফলে সন্তান জন্মদান এখন অনেক বেশি সচেতন ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হলো, সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও অনেকের পক্ষে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে।