Advertisement

লংমার্চ রেখে জামায়াত জোটের ‘নজর’ এখন ডিসেম্বরে, কর্মসূচি কী হবে?

লংমার্চ রেখে জামায়াত জোটের ‘নজর’ এখন ডিসেম্বরে, কর্মসূচি কী হবে?
১১ দলীয় জোটের লংমার্চ। ফাইল ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া

আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফেরা’ নিয়ে সতর্ক অবস্থানে জামায়াতে ইসলামী। একদিকে দলটি বলছে, সরকার ‘সহযোগিতা চাইলে’ তারা মাঠে থাকবে। অন্যদিকে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি রাখার ঘোষণাও দিয়েছে সংসদের প্রধান বিরোধী দলটি।

Advertisement

আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ডিসেম্বরের দিকে ‘নজর’ রাখছে বলে জানিয়েছে। জোটের নেতৃত্ব দেওয়া জামায়াতের আমির শফিকুর রহমান শনিবার কর্মসূচির কথা ঘোষণা করেছেন। জোটের নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারা দেশে বিশৃঙ্খলা করলে তা ঠেকাতে তারাও প্রস্তুতি রাখতে চান।

এদিকে, জামায়াত নেতৃত্বাধীন জোটের পূর্বঘোষিত ঢাকা থেকে সিলেটগামী রেলপথে লংমার্চ স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

জোটের নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে বিশৃঙ্খলা করতে পারে। তা ঠেকাতে মাঠে নামার সিদ্ধান্ত না নিলেও প্রস্তুতি নিয়ে রাখতে চায় তারা।

Advertisement

জামায়াত নেতারা বলছেন, বিগত কর্মসূচি মূল্যায়ন ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

শনিবার দলের এক অনুষ্ঠানে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব, ইনশাল্লাহ।” তবে তিনি বলেন, “কাউকে ঠেকানোর জন্য না, ঠেকানোর দরকারও পড়বে না।”

১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন চরচাকে বলেন, “দলের শীর্ষ বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাস উত্তপ্ত হতে পারে। ফ্যাসিবাদী শক্তি দেশে আসতে পারুক কিংবা না পারুক, তারাও তো দেশে আগুন সন্ত্রাস, ককটেল, চোরাগুপ্তা হামলা- এসব করবে। তখন সরকার যদি পেরে না ওঠে, আমাদের মাঠে নামতে হবে।”

জালাল উদ্দিন বলেন, “সরকারের এই মুহূর্তে উচিত জাতীয় ঐক্যের ডাক দেওয়া। তবে ফ্যাসিবাদী শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা মোকাবিলায় আমাদের তো মাঠে নামতে হবে।”

ডিসেম্বরে দলের আমিরের ‘অনেক কর্মসূচি’ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকার সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন চরচাকে বলেন, “ডিসেম্বর মাস তো বিজয়ের মাস, তাই অনেক কর্মসূচি থাকবে।” কেমন কর্মসূচি- জানতে চাইলে ‘পরে বিস্তারিত জানানো হবে’ বলে জানান তিনি।

কর্মসূচি দলের নাকি জোটের হবে- এ প্রশ্নে মিলন বলেন, “দলীয় কর্মসূচির কথাই উনি (জামায়াত আমির) বলেছেন।”

‘প্রয়োজনে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা ঠেকাতে জামায়াত মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। চরচাকে তিনি বলেন, “প্রয়োজনে আমরা কর্মসূচি নেব। শিবির তো ইতিমধ্যেই নামছে, আমরাও নামব।”

ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত কেন?

দলটির নেতারা বলছেন, রেলপথে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন জটিলতার বিষয়টি সামনে এসেছে। লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে। ফলে একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা কতটা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু হয়। এ কারণে ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।

গত শুক্রবার এক ভিডিও বার্তায় ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “২১ তারিখ (সিলেটের লংমার্চ) আমরা আপাতত কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি না।” এর পর দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি কবে হবে, সে বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

আযাদ আরও বলেন, “৩১ অক্টোবর খুলনার লংমার্চ শেষ হয়েছে। সঙ্গত কারণেই সিলেটের পূর্বঘোষিত লংমার্চের বিষয়ে প্রশ্ন এসেছে। আমরা চূড়ান্ত কর্মসূচি তখন আর ঘোষণা করিনি।”

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেন, “লংমার্চটা স্থগিত করা হয়েছে কারণ, এখন পরিস্থিতিটা ঘোলাটে, এত বড় প্রোগ্রাম করতে গেলে…লংমার্চ অবশ্যই হবে। তবে এখনকার পরিস্থিতি আগে সামাল দেওয়া দরকার।”

ঠিক কী কারণে কর্মসূচি স্থগিত হয়েছে- জানতে চাইলে সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান চরচাকে বলেন, “এ বিষয়ে কেন্দ্রই ভালো বলতে পারবে। আমি তেমন বেশি জানি না। তবে নতুন করে কর্মসূচি আয়োজনের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি।”

গত ৬ আগস্ট গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে জামায়াত জোট।

গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।

জামায়াত নেতারা গত সপ্তাহেই বলেছিলেন, ‘পতিত আওয়ামী লীগের’ বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেবেন তারা। তবে এ জন্য সরকারকে তাদের কাছে সহযোগিতা চাইতে হবে। দলটি জাতীয় ঐক্যের ডাক দিতেও সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয় আওয়ামী লীগের কর্মসূচি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ‘দায়িত্বে শিথিলতা’ রয়েছে।

longmarch-jamat-e-islami

গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অনির্ধারিত আলোচনায় বলেন, “আমরা বিরোধীদল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধীদল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না।”

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহে শফিকুর রহমান বলেন, “এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে। দেশের এই পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে?”

এদিকে, সোমবার ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগের জন্য দলটির এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা নাশকতা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারকে কঠোর হাতে নাশকতা দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দলের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের চরচাকে বলেন, “কর্মসূচি দিলে আপনারা জানবেন। দেশে তো একটি সরকার আছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। এটা তো তাদেরই কাজ। এ বিষয়ে তো সরকার কাজ করবে। তবে আমরা দেশবাসীর সঙ্গে আছি।”