Advertisement

ফরিদপুরে অবরোধ চলাকালে অগ্নিসংযোগে কৃষক দলের নেতার মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ফরিদপুরে অবরোধ চলাকালে অগ্নিসংযোগে কৃষক দলের নেতার মৃত্যু
ছবি: ইউএনবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক অবরোধ চলাকালে আগুনে দগ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন কৃষক দলের এক নেতা মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি পালন করে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মৃত রাজু মোল্লা কৃষক দলের ভাঙ্গা উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার বাকপুরা গ্রামের মুক্তার মোল্লার ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অবরোধ কার্যকর করতে সড়কে আগুন জ্বালায়। এ সময় রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় তিনটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ সময় রাজু গুরুতর দগ্ধ হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর দগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এদিকে অবরোধের খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহায়তায় সড়কের অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে তারা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর সাংবাদিকদের বলেন, “নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা–বরিশাল মহাসড়কে রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”