জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার বনানীর বাসায় অসুস্থ হওয়ার পর ইউনাইটেড হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার পরিবার এ তথ্য জানিয়েছে।
মুহাম্মদ শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন তিনি।
২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।