বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ২৩ মিনিট) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
তার মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “আসছে ২৩ অক্টোবর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। তৌফিক ভাই নিজে সব পরিকল্পনা করছিলেন। সব মিলিয়ে তিনি ছিলেন দারুণ উজ্জীবিত, উদ্দীপ্ত। কিন্তু তার তিন সপ্তাহ আগে সব শেষ হয়ে গেল। আমাদের এ ক্ষতি পূরণ হবার নয়।”
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় তিনি বলেছেন, “দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশের বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। এ ছাড়া, যুক্তরাজ্যে বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক পদে কাজ করেছেন।
২০১৭ সালের ডিসেম্বরে তৌফিক ইমরোজ খালিদী ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।