Advertisement

ঢাকায় ফরাসি সপ্তাহ উদ্‌যাপন করবে ফ্রান্স, গুরুত্ব পাবে অঁদ্রে মালরোর অবদান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢাকায় ফরাসি সপ্তাহ উদ্‌যাপন করবে ফ্রান্স, গুরুত্ব পাবে অঁদ্রে মালরোর অবদান
ছবি: ইউএনবি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সংহতি প্রকাশকারী প্রখ্যাত ফরাসি লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী স্মরণে ঢাকায় সপ্তাহব্যাপী ‘সেমেইন ফ্রঁসেজ’ (ফরাসি সপ্তাহ) উদ্‌যাপনের আয়োজন করেছে ফ্রান্স দূতাবাস। আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

Advertisement

আজ মঙ্গলবার সপ্তাহব্যাপী এ আয়োজনের ঘোষণা দিয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, “ফ্রান্স ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার। আপনারা জানেন, আমাদের সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘদিনের। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকেই ফ্রান্স এ দেশের মানুষের পাশে থেকেছে।”

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশের মধ্য দিয়ে অঁদ্রে মালরোর অঙ্গীকারে ফ্রান্সের এই সমর্থনের প্রতিফলন ঘটেছিল।

Advertisement

রাষ্ট্রদূত তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, “এ বছর অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী। তিনি যেখানেই নিজের অবদান রেখেছেন, সেখানেই তাকে স্মরণ করা হচ্ছে।”

তিনি বলেন, অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী তার অবদান নতুন করে স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো মূল্যবোধ উদ্‌যাপনের সুযোগ করে দিয়েছে, যেগুলো দুই দেশকে একসূত্রে যুক্ত করেছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক, বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা, ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক প্যাঁ এবং ফ্রান্সভিত্তিক বহুমুখী শিল্পী ফ্যাব্রিস মেত্রেসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ হবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘অঁদ্রে মালরো স্মৃতিদেয়াল’ স্থাপন। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এ দেশের মানুষের প্রতি তার সংহতির স্মৃতি সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে ফরাসি সংস্কৃতি, শিল্পকলা, খাদ্যসংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হবে।

এসব কর্মসূচিতে ফ্রান্স ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অঁদ্রে মালরোর অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

ফ্রান্সের অন্যতম খ্যাতিমান সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সোচ্চার সমর্থক ছিলেন। বাংলাদেশের মানুষের প্রতি তার সংহতি ফ্রান্স-বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা অঁদ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। এসব উদ্যোগ দুই দেশের ঐতিহাসিক বন্ধনের স্থায়ী স্মারক হিসেবে কাজ করবে।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে আর্টিস্ট ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনাও থাকবে। এর মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে ফরাসি পরিবেশনাশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে স্ট্রিট ফটোগ্রাফি উৎসবের আয়োজন করবে। এতে বিভিন্ন আলোকচিত্রী জনপরিসরে ধারণ করা দৈনন্দিন জীবন ও মুহূর্তের ছবি প্রদর্শনের পাশাপাশি নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

ছবি: ইউএনবি
ছবি: ইউএনবি

এ ছাড়া, ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন একটি চলচ্চিত্রবিষয়ক মাস্টারক্লাস পরিচালনা করবেন।

খাদ্যসংস্কৃতিও এ আয়োজনের অন্যতম আকর্ষণ হবে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফরাসি খাবার উৎসবের আয়োজন করা হবে, যেখানে দর্শনার্থীরা ফ্রান্সের বিভিন্ন খাবার ও রন্ধন ঐতিহ্যের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন।

ফরাসি শেফ প্যাট্রিক কানে এসব খাবার তৈরি করবেন। পাশাপাশি তিনি হোটেল ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, “১৯৫৯ সাল থেকে অঁদ্রে মালরো ফ্রান্সের ইতিহাসে প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। আমাদের জন্য ফরাসি সংস্কৃতি উদ্‌যাপন সব সময়ই গুরুত্বপূর্ণ। তবে বন্ধুদের সঙ্গে তা ভাগ করে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “এই ভাবনা থেকেই ফরাসি সপ্তাহের ধারণার জন্ম। অঁদ্রে মালরোর মতো একজন বিশিষ্ট ব্যক্তির অঙ্গীকারকে ভিত্তি করে কীভাবে আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলো বন্ধু বাংলাদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, সেটিই ছিল ভাবনার বিষয়। বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ, শৈল্পিক সৃজনশীলতা, জীবনধারা ও মূল্যবোধের মাধ্যমে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারলে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।”