Advertisement

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন
রাজশাহীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: চরচা

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, গভীর রাতে টার্মিনালে পার্কিং করা অবস্থায় থাকা বিআরটিসির দুটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই আগুনে বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, “দুর্বৃত্তরা রাতের আঁধারে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ওসি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে টার্মিনাল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।”

Advertisement

ঘটনার পরপরই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টার্মিনাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।