সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়টিতে আগুন দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী চরচাকে বলেন, পাঁচলাইশের ওই বাড়ির পরিত্যক্ত অংশে কে বা কারা আগুন দেয়। সেখানে থাকা কয়েকটি ভাঙা চেয়ার ও আসবাবে আগুন লাগে।
শওকত আলী বলেন, ওই বাড়িতে কয়েকজন পুলিশ সদস্য দাযিত্বরত ছিলেন। আগুন দেখার পরপরই বাড়ির কেয়ারটেকার ও পুলিশ সদস্যরা দ্রুত নিভিয়ে ফেলে। আগুনে তেমন একটা ক্ষতি হয়নি।
পুলিশ কমিশনার জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। তিনি জানান, ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।