রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশি নাগরিকসহ মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে ময়নাতদন্তের জন্য আজ শনিবার দুপুরের দিকে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের নাম খালেদ সাইফুল্লাহ(৩৮)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। তিনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও-এর মোটরসাইকেলচালক।
নিহত অপরজন হলেন বনানীর কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মাইকেল মিরেরা লিওন (৩৬)। পুলিশ জানিয়েছে, পশ্চিম আফ্রিকার এই নাগরিক মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন দুইজন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন চালক। সেটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।