নারীদের গায়ে যারা হাত দিয়েছে, তাদের তওবা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।
এ সময় জামায়াতের আমির বলেন, ‘‘জীবনের চাইতে নারীদের ইজ্জতের মূল্য বেশি। আবারও নারীর গায়ে হাত উঠলে, জামায়াত বসে থাকবে না।”
নারীদের জন্য জামায়াতের পরিকল্পনা জানিয়ে এই নেতা বলেন, “নারীরা গাড়িতে উঠবে, সাইকেলে চড়বে–সবক্ষেত্রে জামায়াত নারীদের জন্য সুব্যবস্থা করবে। নারীরা যেন মাতৃত্বকালে চাকরি ছাড়তে বাধ্য না হন, সেজন্যই পাঁচ ঘণ্টা কর্মঘণ্টা করবে জামায়াত। তবে যারা আট ঘণ্টা করতে চাইবে, তাকে সাধুবাদ।”
জামায়াতের আমির বলেন, “নারীতান্ত্রিক নয়, পুরুষতান্ত্রিকও নয়–ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ গড়বে জামায়াত। পাঁচ আগস্টের পর সবার নীতি দেখা হয়ে গেছে। ১২ তারিখ সে হিসাব হয়ে যাবে।”
ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক করা হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, “লিঙ্গুইস্টিক স্কিল বৃদ্ধির মাধ্যমে বেকারদের কর্মসংস্থান হবে।”