ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেশটিকে ধ্বংস করে দেওয়ার মতো হামলার হুমকি দিলেও এখন সেই অবস্থান থেকে সরে এলেন তিনি।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়।” তিনি জোর দিয়ে বলেন, “পরমাণু অস্ত্র যাতে কেউ কোনোভাবে ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।”
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানের গোটা সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর ইরান চুক্তিতে না এলেও ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছিলেন তিনি। তবে তার নতুন মন্তব্য সেই আগের কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “খামেনির শাসন বিলোপের জন্য আমরা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি।
ইসরায়েলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার সূচনাকারী, ইরানের সন্ত্রাসী সরকারের পরবর্তী নেতাদেরও হত্যা করা এবং ইরানের জ্বালানি এবং বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে ইরানকে আবারও অন্ধকার ও প্রস্তর যুগে ফেরত পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।”