স্পেনের কাতালোনিয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে বলে আজ রোববার জানিয়েছে কর্তৃপক্ষ।
কাতালান নেতা সালভাদর ইয়া রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বার্সেলোনার উত্তরে অবস্থিত টরদেরা শহরে একটি দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার মন্তর্নেস দেল ভায়েস শহরেও আরেকজনের মৃত্যু হয়েছে। এদিকে বার্সেলোনার ৫২ কিলোমিটার (৩২ মাইল) উত্তরে অবস্থিত পিনেদা দে মার শহরে জরুরি সেবাকর্মীরা একজন নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কাতালান কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে সবাইকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘মিনি-হারিকেন’ আঘাত হানতে পারে এবং আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এই সতর্কতা জারি করা হয়।
গতকাল শনিবার মুষলধারে বৃষ্টির পর বার্সেলোনার কাছাকাছি বেলভিতগে ও কর্নেয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে এবং গাড়ি পানিতে ডুবে যায়। বার্সেলোনার মহাসড়কগুলোতে জমে থাকা জলাশয়ে হাঁসকে সাঁতার কাটতেও দেখা যায়।
আঞ্চলিক আবহাওয়া সংস্থা মেতেওকাতের পরিচালক সারাই সারোকা শনিবার বলেন, একটি অস্বাভাবিক আবহাওয়াব্যবস্থার কেন্দ্র তখন ভূমধ্যসাগরের ওপর অবস্থান করছিল এবং একটি ‘মিনি-হারিকেন’ স্থলভাগ পেরিয়ে কাতালোনিয়ার ওপর দিয়ে যেতে পারে।
শনিবার লা ভানগুয়ার্দিয়া পত্রিকা জানায়, বার্সেলোনা বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব হয়েছে।
অতিবৃষ্টির কারণে সব স্থানীয় ট্রেন চলাচল ব্যাহত হয়। দোকানপাট আগেভাগে বন্ধ হয়ে যায়, ফুটবল ম্যাচ বাতিল করা হয়। বার্সেলোনার লিসেউ অপেরা হাউসে ভার্দির ‘আইডা’ অপেরার একটি পরিবেশনাও বাতিল করা হয়।