Advertisement

মার্কিন সেনারা কখন ইরান ছাড়তে পারবে, জানাচ্ছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মার্কিন সেনারা কখন ইরান ছাড়তে পারবে, জানাচ্ছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। ছবি: সংগৃহীত

ইরান পরাজিত হলেই কেবল মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। গতকাল বৃহস্পতিবার মার্কিন নিউজ চ্যানেল নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

Advertisement

ইসরায়েলি দৈনিক দ্য জেরুজালেম পোস্টের এক খবরে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিতর্ক চলমান। মার্কিন নাগরিকদের অনেকের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক সামরিক অভিযানে ঠেলে দিয়েছেন, যার মূল্য আমেরিকানদের দিতে হচ্ছে।

Advertisement

লেইটার তার বক্তব্যে পরে বলেন যে, তার মতে, ইরানি শাসনের পতন হওয়া উচিত এবং ট্রাম্প যদি পুনরায় হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তবে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে।

ইরান যখন মার্কিন বাহিনী এবং ওয়াশিংটনের মিত্রদের ওপর হামলাকারী গোষ্ঠীগুলোকে সহায়তা অব্যাহত রেখেছে, তখন কীভাবে মার্কিন সামরিক সদস্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব—এমন প্রশ্নের জবাবে লেইটার বলেন, “ইরান পরাজিত হলেই কেবল মার্কিন সেনাদের এখানে যুক্তরাষ্ট্রে, তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে পারবেন। আর ইরান পরাজিত হবেই।”

সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সংগ্রামের সাথে ট্রাম্পের তুলনা করে রাষ্ট্রদূত বলেন, “সোভিয়েত ইউনিয়ন ঠিক কবে ভেঙে পড়বে, তা কেউ আগে থেকে বলতে পারেনি। কিন্তু রিগ্যান বুঝেছিলেন যে, এটি একটি অশুভ সাম্রাজ্য এবং এর পতন ঘটাতে যা যা করা দরকার, তিনি তা-ই করেছিলেন। রিগ্যানের মতো ট্রাম্পও বোঝেন যে, ইরান একটি অশুভ সাম্রাজ্য, যার পতন অনিবার্য।”

ইরানের সঙ্গে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির বিষয়টি যখন একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে, এমন পরিস্থিতিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের এই মন্তব্য যুক্তরাষ্ট্রে বিতর্কের জন্ম দিতে পারে।

ট্রাম্প যেখানে এই অভিযান শেষ করে তেহরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন, সেখানে লেইটার মার্কিন সেনাদের দেশে ফেরার শর্ত হিসেবে ইরানের পরাজয়কে সামনে এনেছেন।

সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে আরেকটি হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত চূড়ান্তভাবে প্রেসিডেন্ট ট্রাম্পই নেবেন। তিনি যদি সেই সিদ্ধান্ত নেন, তবে আমরা সেখানে থাকব।”

এদিকে লেইটারের বক্তব্য নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্যঙ্গ করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ লেইটারের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন, “ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতই যে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ, এটা জানা ছিল না।”