ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তেল শোধনাগারটিতে ভয়াবহ আগুন লেগে যায়। স্থানীয় সময় গতকাল শনিবার এই হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতে ইরানের রাজধানীর আকাশে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানে বড় ধরনের হামলা শুরুর পর এই প্রথমবারের মতো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করেছে, তেহরানের যেসব জায়গায় তারা হামলা চালিয়েছে, সেগুলো ইরানি শাসনগোষ্ঠী ‘বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের’ কাজে ব্যবহার করত।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কেশম দ্বীপের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ইরানের ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে।
এই হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ইরানের অবকাঠামোর ওপর হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এর পরিণতি খুব খারাপ হতে পারে। এই নজির যুক্তরাষ্ট্রই স্থাপন করেছে, ইরান নয়।”
এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।