টানা গরমের পর রাজধানীতে বৃষ্টি হয়েছে। এতে গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। তবে ছুটির দিন ও বৃষ্টির কারণে ভোগান্তিতেও পড়তে হয়েছে মানুষকে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কের জলাবদ্ধতা তৈরি হয়ছে। ছুটির দিন ও বৃষ্টির কারণে রাজধানীজুড়ে যানবাহনের সংকট দেখা গেছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে বেশ অতিষ্ঠ জনজীবন হয়ে পড়েছিল। তাই সকালের এই বৃষ্টি জনজীবনে বেশ স্বস্তি এনে দিয়েছে।
এদিকে, আজ শুক্রবার সকাল ৯টা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।