Advertisement

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
ওমানের মুসান্দাম উপকূল থেকে দেখা হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের রুটের ভৌগোলিক সীমারেখা নিয়ে ওমানের সঙ্গে ইরান সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। স্থানীয় সময় বুধবার তিনি জানান, কোনো তৃতীয় পক্ষ বাধা সৃষ্টি না করলে দ্রুতই চুক্তিটি চূড়ান্ত হবে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বাঘাই বলেন, ইরান ও ওমানের মধ্যে এ ধরনের কোনো চুক্তি এককভাবে কৌশলগত এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করবে না। বিষয়টি সম্পর্কে অবগত ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান ও ওমানের প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকবে। তাদের মতে, এটি ইরানের প্রতি দেওয়া সবচেয়ে বড় ছাড়গুলোর একটি।

ইরানের দাবির দিকে অগ্রগতির ইঙ্গিত মিললেও, সংশ্লিষ্ট সূত্রগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালুর চুক্তি আসন্ন বলে দেওয়া বক্তব্যের সঙ্গে একমত নয়। তাদের মতে, চুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে এখনো সমঝোতা বাকি রয়েছে।

Advertisement

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরান ও মাসকাটের মধ্যকার আলোচনাকে ‘পেশাদার’ এবং ‘অগ্রসরমান’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আলোচনায় থাকা রুটটির ভৌগোলিক সীমারেখা নিয়ে দুই পক্ষ পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে।