Advertisement

এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬ হাজারের বেশি
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে ব্যবসায়িক গ্রুপ এস আলমের মালিকানাধীন ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর্থিক ও কাঁচামাল সংকটের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার এসব কারখানা আজ শনিবার থেকে বন্ধ রয়েছে। এতে চাকরি হারিয়েছেন প্রতিষ্ঠানগুলোর ছয় হাজারের বেশি শ্রমিক-কর্মচারী।

Advertisement

বন্ধ হওয়া এস আলম গ্রুপের কারখানার সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার কারখানাগুলোতে নোটিশ দিয়ে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়। মালিকপক্ষ পর্যায়ক্রমে কর্মীদের বকেয়া পরিশোধ করবে।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- এস আলম সিমেন্ট, এস আলম রিফাইন্ড সুগার, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম স্টিল, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং একটি পশু খাদ্য কারখানা। কারখানাগুলোর বেশিরভাগই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত।

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক চট্টগ্রামে অবস্থিত তাদের গ্রুপের মালিকানাধীন বিভিন্ন কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে চরচাকে বলেন, এসব প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করা হবে।

Advertisement

গ্রুপটির আরেক এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সংকট চলছে, কাঁচামাল নেই। সেকারণে উৎপাদনেও যাওয়া সম্ভব হচ্ছে না। আগের কাঁচামালে কিছুদিন কয়েকটি প্রতিষ্ঠান চললেও এখন আর সম্ভব হচ্ছে না। আজ শনিবার থেকে কারখানাগুলো বন্ধ রয়েছে।

এদিকে, বাঁশখালীতে অবস্থিত এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রটি চালু রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপের বেশ কয়েকটি কারখানা বিভিন্ন সময়ে বন্ধ হলেও পুনরায় চালু হয়। এছাড়া কারখানাগুলো বিভিন্ন সময়ে তাদের কিছু শ্রমিক-কর্মচারী ছাঁটাইও করেছিল সেসময়।