নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
শাপলা কলিসহ আরও তিনটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি।
প্রজ্ঞাপনে নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। তালিকায় 'নৌকা' প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে অনুযায়ী, ইসির প্রতীক তালিকায় ১০২ নম্বর প্রতীক হলো শাপলা কলি।
দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে এতদিন ইসির পক্ষ থেকে বলা হচ্ছিল, শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই।
সবশেষ গত ২৮ অক্টোবর ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়ার সুযোগ নেই। বলে জানিয়েছেন। কমিশন বিবেচনা করে এনসিপিকে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।