যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরিতে বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যের গভর্নর জশ শাপিরো ঘটনাটিকে ‘মর্মান্তিক বন্দুক হামলা’ বলে অভিহিত করেছেন।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার ইরি শহর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব মৃত্যুর ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”
হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইরির পুলিশপ্রধান রিক লোরাহ বলেন, তার দায়িত্ব পালনের সময়ে দেখা সবচেয়ে কঠিন ঘটনাগুলোর একটি ছিল এটি।
তিনি বলেন, “প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আর আমরা যে পরিস্থিতি মোকাবিলা করছি, তা গভীরভাবে উদ্বেগজনক।”
লোরাহ আরও বলেন, হামলার উদ্দেশ্য কী ছিল, তা নির্ধারণে কর্তৃপক্ষ এখনো কাজ করছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।