যুক্তরাষ্ট্রের মিশিগানে পৃথক দুটি বাড়ি ও বনাঞ্চলজুড়ে সহিংসতায় সন্দেহভাজন বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।
মিশিগান স্টেট পুলিশ এক বিবৃতিতে জানায়, ডেট্রয়েট থেকে প্রায় ১৬৯ মাইল উত্তর-পশ্চিমে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে দুপুর ১২টার দিকে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে গিয়ে তারা তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায় এবং গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশের তথ্যমতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ৩৯ বছর বয়সী চাদ হিকম্যান পালিয়ে যান। এরপর পুলিশ তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে অন্য একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
অভিযানের অংশ হিসেবে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেয় পুলিশ। সেখানে হিকম্যানকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং তার কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে হুইটলক লেকের পাশের এক বনাঞ্চল থেকে হিকম্যানের গাড়িটি খুঁজে পায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে হিকম্যানের মরদেহের পাশাপাশি আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে বা নিহত ব্যক্তিদের কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। নিহত ব্যক্তিরা পরস্পর পরিচিত বা তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, তা-ও এখনো স্পষ্ট করা হয়নি।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার এক বিবৃতিতে বলেন, ‘‘এই ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারীদের জন্যও বেশ চ্যালেঞ্জিং। আমরা একটি সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন তথ্য পাওয়া মাত্রই তা সবাইকে জানানো হবে।’’
এ ঘটনায় সাধারণ মানুষকে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। পাশাপাশি স্বজনদের খবর না দেওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম ও বয়স প্রকাশ করা হচ্ছে না বলে জানানো হয়েছে।