Advertisement Banner

দেড় মাসের বাচ্চাসহ কারাগারে পাঠানো হলো যুব মহিলা লীগ নেত্রীকে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দেড় মাসের বাচ্চাসহ কারাগারে পাঠানো হলো যুব মহিলা লীগ নেত্রীকে
শিশুকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কারাগারে যান শিল্পী। ছবি: চরচা

​হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমকে ১ মাস ১৬ দিন বয়সী শিশু সন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করে বলেন, “এমন নিষ্ঠুর নজির এ দেশের মানুষ আজ দেখল, যেখানে একজন মাকে তার ১ মাস ১৬ দিনের দুধের শিশুসহ পুলিশ ধরে নিয়ে আসে। এটা মা ও শিশুর সঙ্গে মানবাধিকার লঙ্ঘন।”

​গতকাল সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলার পর তার বাসায় হামলা ও ৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম নামে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জন এবং অজ্ঞাত ১২০/৩০ জনের নামে মামলা করেন।

​তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম বলেন, এই আসামি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটকে রাখা প্রয়োজন। আসামির কোলে থাকা ছোট শিশুর বিষয়টি বিবেচনায় নিয়ে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সম্পর্কিত