বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নারী বিবেচনায় মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা আল নুর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নাকচ করা হয়েছে।
আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এসব আদেশ দেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনে আপত্তি জানায়। উভয় পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় নারী বিবেচনায় রিমির জামিন মঞ্জুর করা হয়। তবে আয়াসের জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
এর আগে, গ্রেপ্তারের পর গত ১১ অক্টোবর আয়াস ও মারজিয়া খন্দকার রিমির তিন দিন এবং মো. সাকিবুল হাসান ও মো. সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১৩ অক্টোবর সাকিব ও সুজনকে এবং ১৪ অক্টোবর আয়াস ও রিমিকে কারাগারে পাঠানো হয়।
সেগুনবাগিচায় গত ৫ অক্টোবর ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির গ্রাফিতি আঁকা হয়।
গত ৯ অক্টোবর ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেসবুক পেজ থেকে এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসের নেতৃত্বে সেসব গ্রাফিতি মোছার উদ্যোগ নেওয়া হয়।
এরপর ১০ অক্টোবর দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন আয়াসসহ একদল তরুণ।
এ সময় ঘটনাস্থল থেকে আয়াসসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে অজ্ঞাতনামা আসামিরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করে।