নোবেল শান্তি পুরস্কার তারই পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বছর এই সম্মানজনক পুরস্কার জেতার সম্ভাবনা নিয়ে তার নিজের মনেই সন্দেহ রয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের কাছে ট্রাম্প এ কথা বলেন। খবর রয়টার্সের।
আগামীকাল শুক্রবার নরওয়েজীয় নোবেল কমিটি ২০২৬ সালের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের সিদ্ধান্ত কী হবে তা আমি জানি না। নরওয়েজীয় নোবেল কমিটি শুক্রবার এই পুরস্কার ঘোষণা করবে। ট্রাম্প আরও বলেন, “আমার মতো মানুষকে হয়তো তারা পুরস্কার না দেওয়ার জন্য পরিচিত।”
গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার তার প্রাপ্য। ট্রাম্পের মতে, এখনই এর উপযুক্ত সময়।
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “গতবার পুরস্কার বিজয়ীর কাছ থেকে পরোক্ষভাবে এটি পেয়ে আমি বেশ সম্মানিত বোধ করেছিলাম। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বলেছিলেন, ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি কেউ এই পুরস্কারের যোগ্য নন।”
ভেনেজুয়েলার সরকারবিরোধী আন্দোলনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টায় ছিলেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কারিনা মাচাদো। গত জানুয়ারিতে তিনি নিজের ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার দেন।
কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা বলেছেন, তারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। তবে এ দাবির সত্যতা যাচাই করার কোনো উপায় নেই।