সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে হামলার তথ্য জানিয়েছে আল জাজিরা।
স্থানীয় সময় বুধবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছে এবং আবহা বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা দুটির একটি বুধবার এবং অন্যটি মঙ্গলবার হয়েছে। তবে কোন হামলাটি কোন দিনে হয়েছে, তা জানায়নি।
হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলেছে, হামলাগুলো ‘শাস্তি হবেই’। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে জোটটি জানায়, তারা সা’দা, হোদেইদা, জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
হামলার জবাবে হুতিরাও সৌদি আরবের বিমান চলাচলের অবকাঠামো লক্ষ্য করে বিমানবন্দরগুলোতে হামলা চালায়।
সৌদি আরবের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়।
মন্ত্রণালয়টি জানিয়েছে, কায়রো থেকে আসা একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের কাছে গিয়ে পড়ে। হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের কিছু অংশের জন্য এই বিমানবন্দরই প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ।