ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরুর দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। গতির দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৯৮ রানেই। পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে অ্যাডাম গিলক্রিস্টের মুখোমুখি হয়েছিলেন হাসান। ডারউইন টেস্টে ধারাভাষ্যের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার–ব্যাটসম্যান জানতে চেয়েছিলেন ৬ উইকেট নেওয়ার পর হাসানের অনুভূতি…
অ্যাডাম গিলক্রিস্ট : হাসান মাহমুদ, এটা আপনার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার, তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন। এই অর্জন নিয়ে নিশ্চয়ই আপনি অনেক গর্বিত।
হাসান মাহমুদ: হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরে আমি খুব খুশি। কারণ তারা বিশ্বের অন্যতম সেরা দল। আর এই কন্ডিশনেও খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার ছিল। আমি শুধু আমার বোলিংয়ের লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি, প্রক্রিয়াটা ধরে রেখেছি এবং অধিনায়ক যা যা বলেছেন, সেটাই অনুসরণ করেছি।
গিলক্রিস্ট : আপনি অধিনায়কের সেই নির্দেশনাগুলো খুব ভালোভাবেই অনুসরণ করেছেন। লাইন ও লেংথ ছিল অসাধারণ নিয়ন্ত্রিত। পাশাপাশি আপনার বোলিং পার্টনাররাও আপনাকে দারুণভাবে সহযোগিতা করেছে।
হাসান : হ্যাঁ, তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এবং তারাও খুব ভালো করেছে।
গিলক্রিস্ট : প্রস্তুতি ম্যাচে আপনি ৪ উইকেট নিয়েছিলেন। এর আগে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটেও কিছুদিন খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই অনেক কিছু অর্জন করেছেন?
হাসান : হ্যাঁ, ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাটা আমার জন্য বেশ ভালো ছিল। আশা করছি, সামনেও কেন্টের হয়েও খেলা চালিয়ে যেতে পারব।