ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান।
আবুধাবি টেস্টে দ্বিতীয় দিন শেষে আফগানিস্তানের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ২১১ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে ১৩৫ রানে।
বাংলাদেশ দিনের খেলা শুরু করেছিল ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে। সেখান থেকে বাংলাদেশের স্কোর ৩৪৬ রান পর্যন্ত নিয়ে যাওয়ার মূল কারিগর অফ স্পিনার নাঈম হাসান। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৫ রানে। সঙ্গে আরেক স্পিনার তাইজুল ইসলাম যোগ করেন ৯ রান।
বাংলাদেশকে ৩৫০ রানের মধ্যে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে আফগানিস্তানের বোলারদের মধ্যে বড় অবদান রাখেন মোহাম্মদ সালিম। তিনি ৮২ রান দিয়ে নেন ৪টি উইকেট। আর ইয়ামিন আহমেদজাই ৮৯ রানে ৩টি উইকেট।
বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল ভালো। সাম্প্রতিক সময়ে কাউন্টিতে কেন্টের হয়ে দুর্দান্ত বোলিং করে আসা হাসান মাহমুদ শুরুতেই সেদিকুল্লাহ অটলকে ১৭ রানে ফেরান।
এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে শাহিদুল্লাহকে ক্যাচ আউটে থামান ইবাদত হোসেন। তৃতীয় উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন রহমত ও আবদুল মালিক মিলে।
শেষ পর্যন্ত মালিকের প্রতিরোধ ভাঙেন ইবাদতই। ফিরতি স্পেলে তার শিকার হওয়ার আগে এই ওপেনার করেন ৬২। খানিক বাদে হাসমাতুল্লাহ শহিদিকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ শিবিরে আফগানিস্তানকে চেপে ধরার দারুণ সম্ভাবনা জাগান মেহেদি হাসান মিরাজ।
তবে সেটা আর হয়নি। উল্টো পঞ্চম উইকেটে ইকরাম আলিখিলকে নিয়ে রহমত গড়েন অবিচ্ছিন্ন জুটি, যা দিনের খেলা শেষে আফগানিস্তানকে নিয়ে গেছে ভালো অবস্থানে। বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলে ৮৪ রানে অপরাজিত আছেন, আর আলিখিলি ২৬ রানে।