নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “যারা আছেন তাদেরকে পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আহতদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডের ফলে তাদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের শ্বাসনালীতেও কিছু ইনজুরি হয়েছে।”
এম এ মুহিত বলেন, “অনেকেই মোটামুটি রিকভার করছেন। আমরা আশা করি যে, আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছেন তারা এখন পর্যন্ত ভালো আছেন।”
আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, “তাদেরকে আইসিইউতে যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ তারাও রিকভার করবেন।”
বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরেও ‘বিকেন্দ্রীকরণ’ করার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন প্রতিমন্ত্রী।
মাদরাসার অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “আমি সর্বশেষ যেটুকু শুনেছি আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো বলা হয়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে ওইখানে এডমিনিস্ট্রেটিভ উইং ও লাইব্রেরি ছিল, সেখানে সম্ভবত শর্ট সার্কিট হয়ে থাকতে পারে।”
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। এ ঘটনায় আহত ৭৯ শিক্ষার্থী ধোঁয়ায় অসুস্থ হলে তাদেরকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়, এর মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।