নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। একজনকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে শ্বাসকষ্টে আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি চরচাকে নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
সুলতান মাহমুদ শিকদার চরচাকে বলেন, “মধ্যরাতে ফতুল্লার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এই চিকিৎসক জানান, আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।