ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনায় ‘অনেক ভুল এবং মৌলিক পর্যায়ের অনেক ব্যর্থতা’ ছিল বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় গতকাল রোববার সিবিএস নিউজের এক বিশেষ প্রশ্নোত্তর অনুষ্ঠানে যুদ্ধের ক্রমবর্ধমান মানবিক ও অর্থনৈতিক মূল্য নিয়ে প্রশ্নের মুখে এ কথা বলেন তিনি। খবর তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক প্রত্যাশা অনুযায়ী এখনো কেন ওয়াশিংটন চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স দাবি করেন, কিছু দিক থেকে যুক্তরাষ্ট্র ‘চূড়ান্তভাবেই জিতেছে’। তবে যুদ্ধের ফলাফল ইরানের পদক্ষেপের ওপরও নির্ভর করছে বলে স্বীকার করেন তিনি। ভ্যান্স বলেন, “এখানে শত্রুপক্ষেরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও স্বীকার করেন, সেনাদের অবস্থান নির্ধারণের ক্ষেত্রেও সামরিক কৌশলের দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, “আমি জানি, কিছু সমস্যা ছিল। যেমন, সেনাদের কোথায় মোতায়েন করা হয়েছিল, সে ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে এটি ছিল বড় ধরনের ভুল এবং আরও ভালোভাবে কাজ করার সুযোগ ছিল। আমরা সেই ব্যবস্থায় পরিবর্তন এনেছি।”
স্বল্পমূল্যের ড্রোনের ক্রমবর্ধমান হুমকির কথাও তুলে ধরেন ভ্যান্স। তিনি জানান, সেনাদের আরও ভালোভাবে সুরক্ষা দিতে এবং প্রাণহানি ঠেকাতে মার্কিন সামরিক বাহিনী তাদের কৌশলে পরিবর্তন এনেছে। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কৌশলের পক্ষে অবস্থান নিয়ে ভ্যান্স বলেন, ওয়াশিংটন ইরানের কাছ থেকে এমন একটি ‘চূড়ান্ত ও দৃঢ় অঙ্গীকার’ আদায় করতে চাইছে, যাতে দেশটি আর তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন না করে।