মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাব অনুযায়ী, মন্ত্রণালয়ের নাম থেকে ‘মহিলা’ শব্দটি পরিবর্তন করে ‘নারী’ করা হবে। তবে ইংরেজিতে আগের নামেই থাকবে।
গতকাল রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ হিসেবে মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ রাখা হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মন্ত্রণালয়ের বর্তমান বাংলা নাম ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর পরিবর্তে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ হবে।